হোম > বাণিজ্য

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

অর্থনৈতিক রিপোর্টার

বন্ধ শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠান চালুর উদ্যোগ হিসেবে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ঋণ খেলাপি, অর্থপাচার, জাল-জালিয়াতি ও পূর্বে ঋণের অর্থ অপব্যবহার করেছে এমন প্রতিষ্ঠান ঋণ নিতে পারবে না৷ অপরদিকে ঋণের অর্থ নিয়ে অপব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে জালিয়াতির সঙ্গে কোনো ব্যাংক কর্মকর্তারা সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এ তহবিলের মাধ্যমে দেশের শিল্প উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য ব্যবহার করে ২০ হাজার কোটি টাকার এ স্কিম পরিচালিত হবে। এ স্কিমের মেয়াদ হবে তিন বছর। সব তফসিলি ব্যাংক এতে অংশ নিতে পারবে। তবে স্কিমে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করতে হবে।

যারা পাবে ঋণ সুবিধা

সার্কুলারে বলা হয়েছে, স্কিমের আওতায় বৃহৎ শিল্প ও সেবা খাতের এমন প্রতিষ্ঠান ঋণ সুবিধা পাবে, যেগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে কিংবা কার্যকর মূলধনের সংকটে পূর্ণ সক্ষমতায় উৎপাদন ও সেবা দিতে পারছে না। বিশেষ করে রপ্তানিমুখী ও উচ্চ রপ্তানি সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদানে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কোনো উদ্যোক্তা অধিগ্রহণ (টেকওভার) বা ভাড়া চুক্তির মাধ্যমে বন্ধ প্রতিষ্ঠান চালু করলে তাকেও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

তবে ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংককে প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা, উৎপাদন সক্ষমতা, মূলধনের প্রয়োজনীয়তা এবং ঋণ পরিশোধ সক্ষমতা যাচাই করতে হবে। ব্যবস্থাপনা ব্যর্থতা, প্রযুক্তিগত অদক্ষতা বা বিপণন সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেবল কার্যকর মূলধনের ঘাটতি পূরণের জন্য এই ঋণ দেওয়া যাবে না।

শিল্প বা সেবা প্রতিষ্ঠানের উৎপাদন ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা প্রমাণে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের প্রত্যয়নপত্র থাকতে হবে। তবে প্রয়োজন হলে ব্যাংক নিজস্ব তদন্তের ভিত্তিতেও ঋণ অনুমোদন করতে পারবে।

কারা ঋণ পাবে না

বাংলাদেশ ব্যাংক বলছে, খেলাপি হিসেবে চিহ্নিত গ্রাহক, অর্থপাচার, জালিয়াতি, ঋণ তছরুপ বা ঋণের অর্থ অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান এ স্কিমের সুবিধা পাবে না।

বিদ্যমান ঋণ সমন্বয় নয়

সার্কুলারে বলা হয়েছে, স্কিমের অর্থ শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, বিদ্যুৎ, গ্যাস ও ইউটিলিটি বিল পরিশোধ, কাঁচামাল সংগ্রহ, রপ্তানি আদেশ বাস্তবায়ন এবং অন্যান্য উৎপাদন ব্যয়ে ব্যবহার করা যাবে। তবে এ অর্থ দিয়ে কোনো বিদ্যমান ঋণ সমন্বয় বা পরিশোধ করা যাবে না।

এতে আরো বলা হয়েছে, শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে নগদ লেনদেন করা যাবে না। ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে সরাসরি অর্থ পরিশোধ করতে হবে। এ জন্য প্রত্যেক শ্রমিকের জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। বেতন-ভাতা বাবদ সর্বোচ্চ চার মাসের সমপরিমাণ অর্থ ব্যয় করা যাবে।

২০০ কোটি টাকার বেশি ঋণ নয়

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একক কোনো প্রতিষ্ঠান বা গ্রুপের অনুকূলে এ স্কিমের আওতায় ঋণের পরিমাণ ২০০ কোটি টাকার বেশি হবে না। প্রতিটি ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। তবে তহবিলের প্রাপ্যতা ও গ্রাহকের সন্তোষজনক লেনদেনের ভিত্তিতে ঋণ নবায়নের সুযোগ থাকবে।

সুদহার

স্কিমের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে ৪ শতাংশ হারে সুদ পরিশোধ করবে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণ বিতরণের প্রথম ছয় মাস সুদ পরিশোধে ছাড় থাকবে। এরপর থেকে সুদ আদায় ও পরিশোধ কার্যক্রম শুরু হবে।

আদায় ও তদারকি

নীতিমালায় আদায় ও তদারকির বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রাক-অর্থায়নের বিপরীতে গৃহীত অর্থের সুদ বা মুনাফা ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে পরিশোধ করতে হবে। ঋণ আদায়, সমন্বয় বা মেয়াদ শেষ হওয়ার পর সর্বশেষ ত্রৈমাসিকের সুদসহ পুরো অর্থ ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের বাংলাদেশ ব্যাংকে রক্ষিত চলতি হিসাব থেকে অর্থ সমন্বয় করা হবে। এ ক্ষেত্রে ব্যর্থতার সময়ের জন্য অতিরিক্ত ২ শতাংশ সুদ আরোপ করা হবে।

নীতিমালায় আরো বলা হয়েছে, ঋণ সংক্রান্ত সব ধরনের ঝুঁকি সংশ্লিষ্ট ব্যাংককেই বহন করতে হবে এবং গ্রাহক পর্যায়ে ঋণ আদায়ের সম্পূর্ণ দায়-দায়িত্বও ঋণ বিতরণকারী ব্যাংকের ওপর থাকবে। কোনো অবস্থাতেই গ্রাহকের ঋণ আদায়ের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পাওনা সম্পর্কিত করা যাবে না। গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে বিদ্যমান নীতিমালা অনুযায়ী তা খেলাপি ও প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে।

ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সাপ্তাহিক ভিত্তিতে সুবিধাভোগী প্রতিষ্ঠানের প্রতিবেদন সংগ্রহ করতে হবে। পাশাপাশি প্রতি ত্রৈমাসিকে কারখানা পরিদর্শন করে প্রতিবেদন প্রস্তুত করতে হবে। বাংলাদেশ ব্যাংকও যেকোনো সময় সরেজমিনে ঋণ কার্যক্রম যাচাই করতে পারবে। এ জন্য ঋণ মঞ্জুরের পূর্বশর্ত হিসেবে ঋণগ্রহীতার সম্মতি গ্রহণ এবং সংশ্লিষ্ট সব তথ্য ও কাগজপত্র পৃথকভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্কিমের মেয়াদকালে বা পরবর্তীতে কোনো পরিদর্শন বা নিরীক্ষায় ঋণের অপব্যবহার ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংকের চলতি হিসাব থেকে গ্রাহককে দেওয়া সুদের হারসহ অতিরিক্ত ২ শতাংশ সুদে এককালীন অর্থ কেটে রাখা হবে।

অন্যান্য নির্দেশনার মধ্যে বলা হয়েছে, ঋণগ্রহীতা নির্বাচন, ঋণ মঞ্জুরি, বিতরণ, দলিল সম্পাদন, ঋণের ব্যবহার ও তদারকির বিষয় ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে। ঝুঁকি কমাতে ব্যাংক প্রয়োজনে ওয়ার্কিং ক্যাপিটালের বিপরীতে জামানত নিতে পারবে। একই সঙ্গে একক গ্রাহক বা গোষ্ঠীর ক্ষেত্রে ঋণসীমা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বিধান কার্যকর থাকবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, যোগ্য প্রতিষ্ঠানের অবলোপনকৃত ঋণ থাকলেও নির্দিষ্ট শর্তে পুনঃতফসিল বা নীতি সহায়তার আওতায় নতুন সুবিধা দেওয়া যাবে। এ ক্ষেত্রে ঋণগ্রহীতা খেলাপি হিসেবে গণ্য হবে না এবং হিসাব এসএমএ হিসেবে থাকবে। তবে টানা ছয়টি মাসিক বা দুটি ত্রৈমাসিক কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ঋণ পুনরায় মন্দ ও ক্ষতিজনক হিসেবে শ্রেণিকরণ করা হবে।

অন্যদিকে ঋণের অপব্যবহার, মিথ্যা তথ্য প্রদান, জালিয়াতি, অনিয়ম বা খেলাপির ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ঋণগ্রহীতার তথ্য সরকারের সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো যাবে এবং আইনগত ব্যবস্থার পাশাপাশি অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে। কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

এএস

রেমিট্যান্স-রিজার্ভে স্বস্তি ফিরলেও অর্থনীতির সংকট কাটেনি

দুই লাখ ৮৪ হাজার কোটি টাকার ঋণ পরিশোধের চাপে সরকার

টেকসই জ্বালানি নিরাপত্তার মহাপরিকল্পনা করেছে সরকার

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডর, হোতারা অধরা

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

কাগজে-কলমে নয়, বাস্তবেই খেলাপি ঋণ আদায়ের নির্দেশ সরকারের

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো