হোম > বাণিজ্য

ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএমের সুযোগ বাড়াল বিএসইসি

ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে হবে

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজনের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে ‘এ’ ক্যাটাগরিতে থাকা সব কোম্পানি অথবা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানি এ সুবিধা পাবে। এর ফলে আগে টানা পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলো যে সুযোগ পেত, তা আরও সম্প্রসারিত হলো।

মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কোম্পানি সংশ্লিষ্ট বছরে ‘এ’ ক্যাটাগরিতে থাকলে অথবা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজন করতে পারবে। অর্থাৎ, এখন আর টানা পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকার শর্ত থাকছে না। পাশাপাশি ‘এ’ ক্যাটাগরির বাইরে থাকা কোম্পানিও অন্তত ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে এ সুবিধা নিতে পারবে।

এর আগে ২০২৪ সালের ২৭ মার্চ বিএসইসি শুধু যেসব কোম্পানি টানা পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে ছিল, তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের অনুমতি দেয়।

সাধারণভাবে ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ ঘোষণা করা কোম্পানি ‘এ’ ক্যাটাগরিতে এবং ১০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করা কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে থাকে। ফলে নতুন সিদ্ধান্তে ‘বি’ ক্যাটাগরির যেসব কোম্পানি অন্তত ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করবে, তারাও ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করার সুযোগ পাবে।

করোনাভাইরাসের সংক্রমণের সময় ২০২০ সালে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ডিজিটাল মাধ্যমে সাধারণ সভা আয়োজনের অনুমতি দেওয়া হয়। পরে ২০২১ সালের ১০ মার্চ জারি করা নির্দেশনায় হাইব্রিড পদ্ধতি চালু করা হয়। এতে শেয়ারহোল্ডারদের সভাস্থলে সরাসরি উপস্থিতির পাশাপাশি অনলাইনে অংশগ্রহণের সুযোগ রাখার কথা বলা হয়। একই সঙ্গে অনলাইন ভোটিং, সরাসরি ভোট, সভার কার্যক্রম সরাসরি সম্প্রচার এবং ভোটের ফলাফল যাচাইয়ের ব্যবস্থাও রাখা হয়।

২০২৪ সালের জানুয়ারিতে বিএসইসি আবারও হাইব্রিড পদ্ধতিতে এজিএম আয়োজনে আরও কিছু নির্দেশনা দেয়। ওই নির্দেশনায় কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কোম্পানি সচিবকে সভাস্থলে সরাসরি উপস্থিত থাকার কথা বলা হয়। পরিচালনা পর্ষদের অন্তত ২৫ শতাংশ সদস্যের শারীরিক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ, প্রশ্ন করার সুযোগ এবং কোম্পানির পরিচালকদের জবাবদিহি নিশ্চিত করা।

এরপর ২০২৪ সালের মার্চে টানা পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোকে ডিজিটাল মাধ্যমে এজিএম ও ইজিএম আয়োজনের বিশেষ সুযোগ দেওয়া হয়। ডিজিটাল মাধ্যমে সাধারণ সভা আয়োজনের জন্য বিএসইসি স্বতন্ত্র সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের একটি প্যানেলও গঠন করেছে।

ফের শেয়ারবাজারে এসএমই বোর্ডে বিনিয়োগ সীমা ১০ লাখ

জ্বালানি সংকটে বাড়ছে শিল্পের ব্যয়, কমছে কর্মসংস্থান

খেলাপি ঋণ বৃদ্ধির দায় সাম্প্রতিক দুই বছরের নয়: বাংলাদেশ ব্যাংক

নিত্যপণ্য আমদানির উৎস হতে যাচ্ছে পাকিস্তান

আস্থার সংকটে বীমা খাত, গ্রাহকের পাওনা ৮ হাজার কোটি টাকা

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার

প্রযুক্তি হস্তান্তর ও দেশীয় শিল্পে চীনা সহযোগিতায় গুরুত্বারোপ বিসিসিসিআইয়ের

করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

প্রবৃদ্ধির জন্য উদ্যোগী মানসিকতা ও মানবিক নেতৃত্ব প্রয়োজন

সরকারি ব্যাংকে চেয়ারম্যান পদে আর নয় সচিব