হোম > বাণিজ্য

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন গতি

সোহেল রহমান

দেশের তৈরি পোশাকের জন্য প্রচলিত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাজারের বাইরে রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ৬৪২.৯৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একক মাস হিসেবে এটিই এ ধরনের বাজারে বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি আয়। এর ফলে দীর্ঘদিন ধরে প্রায় স্থির থাকা অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন গতি দেখা দিয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি হয়েছিল ৫৮০.২৬ মিলিয়ন ডলার। আগস্টে তা বেড়েছে ৬২.৬৭ মিলিয়ন ডলার বা ১০.৮ শতাংশ। যার পরিমাণ ৬৪২.৯৩ মিলিয়ন ডলার। গত বছরের আগস্টের ৫৬৫.৭৩ মিলিয়ন ডলারের তুলনায় এবারের আয় বেড়েছে ১৩.৬৫ শতাংশ।

জুলাইয়ে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ০.৪৮ শতাংশ কমেছিল। তবে আগস্টে রপ্তানি বেড়েছে ১৩.৬৫ শতাংশ। এতে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এসব বাজারে পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ১,২২৩.১৯ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ১,১৪৮.৭৬ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে ৭৪.৪৩ মিলিয়ন ডলার বা ৬.৪৮ শতাংশ।

পরিসংখ্যান বলছে, গত অর্থবছরের প্রথম দুই মাসে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির মাসিক গড় ছিল ৫৭৪.৩৮ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৬১১.৬০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ মাসিক গড় আয় প্রায় ৩৭ মিলিয়ন ডলার বেড়েছে।

বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল আমার দেশকে বলেন, দেশের পোশাক রপ্তানিতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন প্রধান বাজার হিসেবে রয়েছে। তবে এসব অঞ্চলে চাহিদার ওঠানামা, বাণিজ্যনীতির পরিবর্তন এবং বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ায় নতুন ক্রেতা ও গন্তব্য খুঁজছেন রপ্তানিকারকরা। সেই প্রেক্ষাপটে অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়াকে বাজার সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে।

তিনি বলেন, অপ্রচলিত বাজারে রপ্তানি বৃদ্ধির ধারাটি কতটা স্থায়ী হয়, তা নির্ভর করবে বৈশ্বিক পোশাকের চাহিদা, উৎপাদন ব্যয়, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির ওপর। সাম্প্রতিক সময়ে দেশের পোশাকশিল্পে গ্যাস-বিদ্যুৎ সংকট, উচ্চ সুদহার ও ব্যবসায়িক ব্যয় নিয়ে উদ্বেগ রয়েছে ।

মহিউদ্দিন রুবেল বলেন, তারপরও আগস্টের রেকর্ড রপ্তানি দেখাচ্ছে, প্রচলিত বাজারের পাশাপাশি বিকল্প গন্তব্যগুলোতেও বাংলাদেশের পোশাকের চাহিদা তৈরি হচ্ছে। জুলাই-আগস্টের দুই মাসে অপ্রচলিত বাজারে ১,২২০ মিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় হওয়ায় চলতি অর্থবছরে এসব বাজারের অবদান আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সাম্প্রতিক ইপিবির তথ্যেও নতুন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির প্রবৃদ্ধির চিত্র পাওয়া যাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি ১১.৪২ শতাংশ বেড়ে ১,৬১২.৯২ মিলিয়ন ডলারে উঠেছে। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১,৪৪৭.৬০ মিলিয়ন ডলার। একই সময়ে অপ্রচলিত বাজারে রপ্তানি বেড়েছে ৬.৪৮ শতাংশ। সব মিলিয়ে জুলাই-আগস্টে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৫.১২ শতাংশ বেড়ে ৭,৪৯৫.৬১ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭,১৩০.৬৭ মিলিয়ন ডলার।

আগস্টে সামগ্রিক পণ্য রপ্তানিতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, মাসটিতে দেশের মোট পণ্য রপ্তানি ১৩.১৪ শতাংশ বেড়ে ৪,৪৩০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের আগস্টে এর পরিমাণ ছিল প্রায় ৩,৯২০ মিলিয়ন ডলার। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি ১৩.৯২ শতাংশ বেড়ে ৩,৬০৮.৮৯ মিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে এ আয় ছিল ৩,১৬৮.০২ মিলিয়ন ডলার। আগস্টে নিট পোশাক রপ্তানি ১৪.৮৮ শতাংশ বেড়ে ২,০৩৪.৭০ মিলিয়ন ডলার এবং ওভেন পোশাক ১২.৭০ শতাংশ বেড়ে ১,৫৭৪.১৯ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, অপ্রচলিত বাজারে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি কয়েকটি নতুন গন্তব্যেও বাংলাদেশের পণ্য রপ্তানি দ্রুত বাড়ছে। আগস্টে তুরস্কে রপ্তানি ১৪১.০৩ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ৪২.৩৭ শতাংশ এবং সৌদি আরবে ৪২.০৯ শতাংশ বেড়েছে। এসব বাজারে প্রবৃদ্ধি পণ্য ও বাজার বহুমুখীকরণের সম্ভাবনাকে সামনে আনছে।

সংকটময় ব্যাংকিং খাত, তবু নতুন ব্যাংকের আবেদন

জ্বালানি তেলের দাম বাড়ানোর মধ্যরাতে পাম্পে ক্রেতা-বিক্রেতার বচসা-হট্টগোল

মালয়েশিয়ায় বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ ডিসিসিআইয়ের

বিশ্ববাজারে তীব্র হচ্ছে ডিজেল সংকট

ঢাকার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনে আগ্রহী দিল্লি

১১ খাতে অনলাইন ভ্যাট বাধ্যতামূলক করে এনবিআরের নতুন আদেশ

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৯ দিনে এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকার রেমিট্যান্স

বদলে যাচ্ছে ভোক্তা অধিকার আইন

আর্থিক খাত ঠিক করতে অলিগার্কদের সঙ্গে রাষ্ট্রের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে