হোম > বাণিজ্য

সরকারি ঋণের চাপে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ: অর্থ সচিব

অর্থনৈতিক রিপোর্টার

ব্যাংক খাত থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের কারণে বেসরকারি খাত প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছে। এতে শিল্প ও বিনিয়োগ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা মাত্র ৪ দশমিক ৪ শতাংশ। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ কমানোর পাশাপাশি ঋণের সুদহার হ্রাসের ওপর গুরুত্ব দিতে হবে।

শনিবার সন্ধ্যায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনার সোসাইটি আয়োজিত ‘ইমপ্যাক্ট অব দ্য ন্যাশনাল বাজেট অন পাবলিক অ্যান্ড করপোরেট সেক্টর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. খাইরুজ্জামান মজুমদার।

তিনি বলেন, সরকার যখন বাণিজ্যিক ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নেয়, তখন ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ দেওয়ার পরিবর্তে সরকারকে ঋণ দিতে বেশি আগ্রহী হয়ে ওঠে। কারণ, সরকারকে ঋণ দিলে খেলাপি হওয়ার ঝুঁকি থাকে না এবং ঋণ আদায়ের জন্য তদারকিও করতে হয় না। অন্যদিকে বেসরকারি খাতে ঋণ দিতে গেলে ব্যাংকগুলোকে ঋণগ্রহীতার কার্যক্রম তদারকি করতে হয় এবং খেলাপি হওয়ার ঝুঁকি নিতে হয়।

তিনি আরও বলেন, অর্থনীতিতে এ পরিস্থিতিকে ‘ক্রাউডিং আউট’ বলা হয়। সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে বেসরকারি খাতের জন্য ব্যাংকের ঋণপ্রবাহ সংকুচিত হয়ে পড়ে। বর্তমানে ব্যাংকগুলো সরকারি ঋণ থেকেই অধিকাংশ মুনাফা করছে। এ প্রবণতা নিরুৎসাহিত করা প্রয়োজন এবং সরকারের ঋণ গ্রহণের একটি সীমা থাকা উচিত।

সচিব বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হলে দুটি পদক্ষেপ নিতে হবে। প্রথমত, ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণ কমাতে হবে। দ্বিতীয়ত, ঋণের সুদহার কমাতে হবে। সরকার সরাসরি ঋণের সুদহার নির্ধারণ করতে না পারলেও নীতি সুদহারের মাধ্যমে তা প্রভাবিত করার সুযোগ রয়েছে।

উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের আজীবন সদস্য এম এ কাশেম।

রপ্তানি বহুমুখী করতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পে গুরুত্ব দিতে হবে

জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টানা ৮ দফায় কত টাকা কমল স্বর্ণের দাম

আদালতের স্থগিতাদেশ নিয়েও প্রণোদনার ঋণ পাবেন খেলাপিরা

ভরিতে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম

নতুন আলুর বাজার চড়া

সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ প্রস্তাব সৌদিকে

২১৬ কোটি টাকার প্রকল্পে যথেচ্ছ ব্যয় প্রাক্কলন

আফ্রিকায় বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি: ডিসিসিআই সভাপতি

তিন দিন ধরে সঞ্চয়পত্রের সেবা বন্ধ, ভোগান্তিতে গ্রাহক