দেশের নিবন্ধিত ৬৪টি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যকে ঐতিহ্যের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে ১৭ দফা রোডম্যাপ (কর্মপরিকল্পনা) প্রণয়ন করেছে সরকার। রপ্তানি সম্প্রসারণ, মান নিয়ন্ত্রণ, নকল ও মেশিনে তৈরি পণ্য প্রতিরোধ, আন্তর্জাতিক আইনি সুরক্ষা এবং প্রান্তিক উৎপাদকদের বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। জিআই পণ্যের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে ১৬টি মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে দাপ্তরিক চিঠির মাধ্যমে এসব সুপারিশ পাঠিয়েছে। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ‘ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের বাণিজ্যিকীকরণ : সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিল্প মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব; পররাষ্ট্র, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, কৃষি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তর (ডিপিডিটি), বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং এসএমই ফাউন্ডেশনের শীর্ষ নির্বাহীদের কাছেও এটি পাঠানো হয়েছে।
জানা গেছে, জিআই স্বীকৃতিকে বৃহত্তর বাণিজ্যিক ব্যবস্থায় রূপান্তর করাই এ রোডম্যাপের লক্ষ্য। এর মাধ্যমে ঐতিহ্যবাহী উৎপাদকদের সঙ্গে মান সনদ, আধুনিক বিপণন, পর্যটন ও আন্তর্জাতিক বাণিজ্যের সংযোগ তৈরি হবে। শিল্প মন্ত্রণালয় মনে করে, এসব সুপারিশ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের ঐতিহ্যবাহী জিআই পণ্য বিশ্ববাজারে স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
প্রথম পর্যায়ে পাঁচ-ছয়টি পণ্য নির্বাচন
জানা গেছে, রোডম্যাপের গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো, দেশের নিবন্ধিত ৬৪টি জিআই পণ্যের মধ্য থেকে সর্বোচ্চ বাণিজ্যিক সম্ভাবনাসম্পন্ন পাঁচ থেকে ছয়টি প্রধান পণ্য নির্বাচন করে সেগুলোর উন্নয়নে সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ।
পাইলট প্রকল্পে টাঙ্গাইল শাড়ি
রোডম্যাপ বাস্তবায়নের পরীক্ষামূলক বা পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল শাড়িকে বেছে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের আওতায় পণ্যটির আইনগত, একাডেমিক ও বাস্তবভিত্তিক চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা ম্যানুয়াল তৈরি করা হবে, যা পরবর্তী সময়ে অন্যান্য জিআই পণ্যের বাণিজ্যিকীকরণে মডেল হিসেবে কাজ করবে।
ডিজিটাল নিবন্ধন ও পৃথক জিআই ইউনিট
প্রকৃত উৎপাদক শনাক্ত করতে অনুমোদিত জিআই ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে সরকারি গেজেট (জার্নাল) বা ওয়েবসাইটে প্রকাশের সুপারিশ করা হয়েছে। ডিপিডিটির মাধ্যমে অনুমোদিত ব্যবহারকারী নিবন্ধনের বিদ্যমান জটিল ও ম্যানুয়াল পদ্ধতি দূর করে কম খরচে অনলাইনভিত্তিক ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। একই সঙ্গে নিবন্ধন, তদারকি, বাণিজ্যিকীকরণ ও সুরক্ষা কার্যক্রম সমন্বয়ে ডিপিডিটি বা শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্থায়ী জনবল ও ডেডিকেটেড টিমসহ একটি পৃথক ‘জিআই ইউনিট’ গঠনের সুপারিশ রয়েছে।
নকল ঠেকাতে যৌথ অভিযান ও কিউআর কোড
জিআই পণ্যের পরিচয় ব্যবহার করে নকল ও যন্ত্রে তৈরি পণ্য বাজারজাত বন্ধ করাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে হাতে বোনা জামদানি ও টাঙ্গাইল শাড়ির নামে নকল পণ্য বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মাঠে কঠোর মনিটরিং ও যৌথ অভিযানের প্রস্তাব দেওয়া হয়েছে।
পণ্যের স্বকীয়তা ও গুণগত মান নিশ্চিত করতে অ্যাসোসিয়েশন বা পৃথক তদারকি সংস্থার পাশাপাশি প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে অডিটের ব্যবস্থা রাখা হবে। নির্ধারিত মান পূরণকারী পণ্যই কেবল জিআই লোগো ব্যবহারের অনুমতি পাবে। এছাড়া পণ্যের সত্যতা যাচাই ও ট্রেসেবিলিটি নিশ্চিত করতে প্যাকেজিংয়ে কিউআর কোড ব্যবহারে উৎপাদকদের উৎসাহিত করা হবে। সচেতনতা বাড়াতে বিসিক, এসএমই ফাউন্ডেশন ও ইপিবিকে গণমাধ্যমে প্রচার চালানোর দায়িত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে।
রপ্তানিতে শুল্কছাড়, ই-কমার্স ও পর্যটন রুট
আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে জিআই পণ্য উৎপাদনে ব্যবহৃত আমদানি করা কাঁচামালের ওপর শুল্ক হ্রাস বা সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি রপ্তানির ক্ষেত্রে বিশেষ ‘জিআই বোনাস’, নগদ প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক সুবিধা চালুর সুপারিশ রয়েছে। অন্যদিকে অ্যামাজন ও আলিবাবার মতো বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্ম এবং দেশীয় অনলাইন বাজারে জিআই পণ্যের জন্য আলাদা ক্যাটাগরি চালুর কথা বলা হয়েছে।
দেশি-বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছে ঐতিহ্যবাহী পণ্য তুলে ধরতে প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ‘জিআই প্রোডাক্ট কর্নার’ বা ডিসপ্লে গ্যালারি স্থাপনের সুপারিশ করা হয়েছে। এছাড়া জাপান ও ভারতের মডেলের আদলে পর্যটনের সঙ্গে জিআই পণ্যের সংযোগ ঘটাতে আঞ্চলিক ‘ট্যুরিজম ট্রেইল’ চালুর পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটি ‘শাড়ি ট্রেইল’ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।