হোম > বাণিজ্য

এলএনজিতে ভর্তুকি দিতে গিয়ে আর্থিক চাপে রাষ্ট্র: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে গিয়ে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই জ্বালানিসংকটের সমাধান হবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ—জ্বালানি ব্যবস্থার প্রতিটি পর্যায়ে দক্ষতা বাড়াতে হবে।

শনিবার রাজধানীতে বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) উদ্যোগে দেশের ১৪টি সংগঠনের সহযোগিতায় এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, এজন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থের মাধ্যমে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ থেকে শুরু করে উপযুক্ত কৃষিজমিতেও সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানিব্যবস্থার মূল ধারায় নিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এ আধিপত্য ভাঙতে হলে নবায়নযোগ্য জ্বালানিকে কেবল বিকল্প হিসেবে নয়, বরং জাতীয় জ্বালানিব্যবস্থার অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তার মতে, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোই হতে পারে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার কার্যকর পথ।

তিন দিনের এ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। এতে নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

আয়োজকেরা জানান, সম্মেলনে ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশনে জ্বালানি নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি সম্প্রসারণের ঝুঁকি, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা, শিল্প খাতের কার্বন নিঃসরণ হ্রাস এবং বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা, জ্বালানি ন্যায়বিচারে গণমাধ্যমের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শ্রমিক, আদিবাসী ও নারীদের অংশগ্রহণের বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন লইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (লিড) প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক আবিল বিন আমিন, সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ চৌধুরী, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা, সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ।

চামড়াশিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় লেদার ফাউন্ডেশন

মজুরির বাড়তি ব্যয় পোশাকশিল্পের ক্রেতাদের সঙ্গে সমন্বয়ের আহ্বান বিজিবিএর

কাস্টমস ও এনবিআর নিয়ে ‘নেতিবাচক’ কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

দুই লাখের ঘর পেরোল স্বর্ণের ভরি

গোদাগাড়ীতে উঠছে শীতকালীন টমেটো, দাম না পেয়ে হতাশ কৃষক

মূল্যস্ফীতি কমায় আগামীতে কমতে পারে সুদহার: গভর্নর

বিপিসির ৮ কোম্পানি কমে হচ্ছে ৫, একীভূত হচ্ছে মেঘনা-যমুনা

বাংলাদেশ থেকে ভারতে পোশাকের অর্ডার সরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ১৯৮৯৩০ টাকা

তারল্য স্বস্তিতে বেসিক ব্যাংক সংকট খেলাপি ঋণ ও মূলধনে