হোম > বাণিজ্য

সোমবার কলমবিরতি পালনের ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের

অর্থনৈতিক রিপোর্টার

আগামী সোমবার তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার এবং মহাসচিব অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা বক্তব্য দেন।

বাজেট কার্যক্রম এবং রাজস্ব আদায়ে গতি বৃদ্ধির জন্য চলতি অর্থবছরের শেষ দুই শনিবার অফিস খোলা রেখে কার্যক্রম চালু রেখেছে এনবিআর, তখনই সংস্কার পরিষদ কর্মবিরতি পালনের এ ঘোষণা দিল। আজ শনিবার ছুটির দিনেও এনবিআরের কার্যক্রম চালু ছিল।

এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে অবিলম্বে চেয়ারম্যানের অপসারণের দাবি করা হয়। তাকে পদে রেখে এনবিআরের সংস্কার কার্যক্রম সময়ক্ষেপন ছাড়া কিছু নয় বলে পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে। এর আগে ২৯ মের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে আল্টিমেটাম দিয়েছিল ঐক্য পরিষদ। কিন্তু তাদের সে দাবি বাস্তবায়িত না হওয়ায় ২৯ মের পর থেকে তাকে এনবিআর ভবনে অবাঞ্চিত ঘোষণা করে। কিন্তু সে ঘোষণার মধ্যেই এনবিআর চেয়ারম্যান রাজস্ব ভবনে অফিস করছেন।

সংবাদ সম্মেলনে ১৯ জুন এনবিআর কর্তৃক গঠিত কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যথাযথ প্রতিনিধিত্ব রাখার দাবি জানানো হয়।

তারা বলেন, এই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়নি এমনকি তাদের সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি।

উল্লেখ্য, রাজস্ব অধ্যাদেশ সংশোধনের লক্ষ্যে এনবিআরের কর এবং কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের ছয়জন সদস্য সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভায় অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদারকে সভাপতি ও অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকাকে মহাসচিব করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ৩০১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর পর থেকে এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

গত ২৬ মে সরকার ঘোষণা দেয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর ধারাবাহিকতায় আজ একটি কমিটি গঠন করা হলো।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার