হোম > বাণিজ্য > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

রোহান রাজিব

নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকে ফের অস্থিরতা শুরু হয়েছে। এতে ব্যাংক থেকে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি টাকা উত্তোলন হয়েছে। গত সাত দিনে ব্যাংক আমানত হারিয়েছে ৪ হাজার ২৪০ কোটি টাকা। এরপর গত দুই দিনে আমানতের পরিমাণ আরো কমেছে। এতে তারল্যসংকটে পড়েছে ব্যাংক। ফলে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা বা সিআরআর রাখতে ব্যর্থ হয়েছে ইসলামী ব্যাংক। সংকট মেটাতে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ ধার চেয়েছে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আমার দেশকে বলেন, ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংক তীক্ষ্ণ পর্যবেক্ষণে রেখেছে। যেকোনো পরিস্থিতির জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তুতি রয়েছে।

সংকটের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে সহায়তা চাওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ১০ হাজার কোটি টাকা তারল্য সহায়তা চেয়ে ব্যাংক একটি আবেদন করেছে। তবে এখনো টাকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, গত ৩১ মে ব্যাংকের আমানত স্থিতি ছিল ১ লাখ ৮৪ হাজার ৩৮২ কোটি টাকা। ৭ জুন তা কমে দাঁড়িয়েছে এক লাখ ৮০ হাজার ১৪১ কোটি টাকা। মাত্র সাত দিনে আমানতকারীরা ৪ হাজার ২৪০ কোটি টাকার আমানত তুলে নিয়ে গেছে। আর গত এক মাসে ব্যাংক আমানত হারিয়েছে ৬ হাজার ৭৭৮ কোটি টাকা। গত ৩০ এপ্রিল আমানত ছিল ১ লাখ ৮৬ হাজার ৯১৯ কোটি টাকা।

গণমাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকে রক্ষিত তাদের হিসাবে এখনো টাকা রয়েছে। তবে সিআরআরে ঘাটতি এবং আগাম প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। তিনি জানান, চলতি হিসাবে তাদের ৭ হাজার ১৫ কোটি টাকার বেশি ছিল। তবে এখন কমে ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমেছে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের প্রায় ৫ হাজার কোটি টাকার সিআরআর রাখতে হয়। তবে জমার চেয়ে বেশি উত্তোলন হওয়ায় তা রাখতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তাদের চলতি হিসাবের স্থিতি কমে ১ হাজার ৬০০ কোটি টাকায় নেমেছে। আগামী দুই দিন উত্তোলনের চাপ থাকলে চলতি হিসাব নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ জাল-জালিয়াতির মাধ্যমে নামে-বেনামে প্রায় ৭৫ হাজার কোটি টাকা নিয়ে যায়। এসব জাল-জালিয়াতির ঘটনা ২০২২ সালে সামনে আসে। এরপর আতঙ্কিত হয়ে গ্রাহকেরা টাকা তুলে নেয়। ফলে ব্যাংকটি ওই সময় সিআরআর রাখতে ব্যর্থ হয়। ব্যাংকের মোট আমানতের বিপরীতে ৪ শতাংশ হারে সিআরআর রাখার নিয়ম। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবে ঋণাত্মক হয়ে যায়। ওই সময় চলতি হিসাবে দুই হাজার ৩০৮ কোটি টাকা ঋণাত্মক ছিল।

তবে অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করে। কয়েক মাসের মাথায় সিআরআর ঘাটতি থেকে বেরিয়ে আসে ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবে অর্থ জমা রাখতে সক্ষম হয়। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ব্যাংকের চলতি হিসাবে অর্থ দাঁড়ায় ৭ হাজার ১৫ কোটি টাকা। অস্থিরতায় তা কমে গতকাল ১ হাজার ৬০০ কোটি টাকায় নেমেছে। গত ৮ জুন ছিল ২ হাজার ৮০০ কোটি টাকা।

যেভাবে নতুন করে সংকট শুরু

ঈদের আগে শেষ কর্মদিবস গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে ওই দিন রাতেই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তিন বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর কর্মকর্তাদের আন্দোলনের মুখে ওই আমলে নিয়োগ পাওয়া তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন। তাকে আবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করায় এর বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার। গত ১ জুন থেকে এই আন্দোলন শুরু হয়। গ্রাহক ফোরাম খুরশীদ আলমের নিয়োগ বাতিলসহ সাত দফা দাবি করছে।

সেই ধারাবাহিকতায় টানা নবম দিনের মতো গতকালও ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কর্মসূচি পালন করছেন তারা। শুধু ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে নয়; বিভিন্ন শাখায় শাখায় কর্মসূচি পালন করেছেন। এদিন বেলা ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতদিন আন্দোলনে শুধু পুরুষদের অংশগ্রহণ থাকলেও এবারের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন শতাধিক নারী গ্রাহক।

তারা বলেছেন, আর্থিক অনিয়মসহ নানা কেলেঙ্কারির অভিযোগ যার বিরুদ্ধে, তাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় জমানো অর্থ নিয়ে তারা আতঙ্কিত। নিজেদের অর্থের নিরাপত্তার জন্য হলেও খুরশিদ আলমের অপসারণ চান তারা।

সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

সুদহারের সীমা মানছে না ৫৬ ব্যাংক

নামমাত্র জনবলে শত শত কোম্পানির নিরীক্ষা, গুণগত মান নিয়ে প্রশ্ন

৩৫ বীমা কোম্পানির কাছে পাওনা ৪৬৬০ কোটি টাকা

ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে তিন মাস বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ

আমানতকারীদের অর্থ ফেরতে ন্যাশনাল ব্যাংকের আবেদন গ্রহণ শুরু

৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা

পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম গতিশীল করতে ১২ দফা নির্দেশনা