আইনবহির্ভূত বিনিয়োগ
বিধিবহির্ভূতভাবে ফান্ডের অর্থ বিনিয়োগ করায় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে প্রায় ২১ কোটি টাকা সংশ্লিষ্ট ফান্ডে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে প্রায় ২৩ কোটি টাকা জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠানটিকে।
বুধবার বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, ভ্যানগার্ড সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড থেকে ২০১৩ সালে বেঙ্গল পলি অ্যান্ড পেপার সেক লিমিটেডের ৬ লাখ শেয়ার কেনা হয়। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হলেও ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা দরে মোট দেড় কোটি টাকা বিনিয়োগ করা হয়।
অপরদিকে ২০১৭ সালে একই ফান্ড থেকে এএফসি হেলথ লিমিটেডের ৪৮ লাখ শেয়ার ১২.৫০ টাকা দরে (২.৫০ টাকা প্রিমিয়ামসহ) কিনে মোট ৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়। এসব বিনিয়োগ আইন লঙ্ঘন করে করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ২০১৩ সালের বিনিয়োগের বিপরীতে ৫ কোটি ৭৪ লাখ টাকা এবং
২০১৭ সালের বিনিয়োগের বিপরীতে ১৪ কোটি ৮৫ লাখ টাকা ফান্ডে জমা বা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে প্রথম ক্ষেত্রে ৬ কোটি ৭৫ লাখ টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে ১৬ কোটি টাকা জরিমানা করা হবে জানিয়েছে বিএসইসি।
প্রথমদফায় ৩০ দিনের সময়সীমা পার হওয়ার পর আরো ৭ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করতে হবে। তাতেও ব্যর্থ হলে প্রতিদিন ১০ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে।
যথাযথ তদারকি ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ায় ফান্ডটির ট্রাস্টি আইসিবিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে বিনিয়োগগুলোর বিপরীতে ফান্ডটি ৯৯ শতাংশ প্রভিশন রাখলেও তা নিরীক্ষা প্রতিবেদনে স্পষ্টভাবে তুলে ধরা হয়নি। এ কারণে নিরীক্ষা প্রতিষ্ঠান মালেক সিদ্দিকি ওয়ালি অ্যান্ড কোম্পানি চাটার্ড একাউন্টসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এফআরসিতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।