হোম > বাণিজ্য > পুঁজিবাজার

‘বি’ ক্যাটাগরির কোম্পানিও পাবে ডিজিটাল এজিএমের সুযোগ

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজনের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার ‘বি’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকেও সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কমিশন। তবে এ সুযোগ পেতে কোম্পানিগুলোকে প্রতিবছর ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে হবে। পাশাপাশি টানা পাঁচ বছর ‘বি’ ক্যাটাগরি অথবা এর উপরে ‘এ’ থাকতে হবে। এ সময়ে ৫ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করলে কিংবা ক্যাটাগরির অবনমন ঘটলে ডিজিটাল এজিএমের যোগ্যতা হারাবে সংশ্লিষ্ট কোম্পানি।

বিএসইসি সূত্রে জানা গেছে, ভালো পারফরম্যান্সের কোম্পানিগুলোকে উৎসাহিত করা এবং সাধারণ সভা আয়োজন সহজ করতেই এ উদ্যোগ বিবেচনা করা হচ্ছে। এর আগে ২০২৪ সালে টানা পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের অনুমতি দিয়েছিল কমিশন। এবার সে সুযোগ ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোর জন্যও সম্প্রসারণের চিন্তা করা হচ্ছে। এর মাধ্যমে কোম্পানির লভ্যাংশ প্রদান ও ক্যাটাগরির ধারাবাহিকতাকে ডিজিটাল এজিএমের যোগ্যতার সঙ্গে যুক্ত করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আমার দেশকে বলেন, ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠানের কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষ্যে বেশকিছু শর্তসাপেক্ষে ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোকেও এ সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে কমিশন কাজ করছে। বাস্তবায়ন হলে ‘বি’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলো কম জটিলতায় ও ব্যয় সাশ্রয়ে এজিএম অনুষ্ঠান করতে পারবে। এতে কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিতরণেও উৎসাহিত হবে বলে মনে করেন তিনি।

সবশেষ ইংরেজি পঞ্জিকাবর্ষে নিয়মিত এজিএম আয়োজনের পাশাপাশি কমপক্ষে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানি ‘এ’ ক্যাটাগরিতে স্থান পায়। ১০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো ‘বি’ ক্যাটাগরিভুক্ত হয়। অন্যদিকে, টানা দুই বছর নগদ লভ্যাংশ ঘোষণা না করা, নির্ধারিত সময়ে এজিএম করতে ব্যর্থ হওয়া, উৎপাদন বন্ধসহ বিভিন্ন কারণে কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।

করোনাকালে শুরু ডিজিটাল এজিএম

করোনাভাইরাস মহামারির সময় শারীরিক উপস্থিতি ছাড়াই সাধারণ সভা আয়োজনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের মার্চে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম ও ইজিএম আয়োজনের সাময়িক অনুমতি দেয় বিএসইসি। পরে ২০২১ সালের ১০ মার্চ কমিশন হাইব্রিড পদ্ধতিতে সাধারণ সভা আয়োজন বাধ্যতামূলক করে। এতে সভাস্থলে সরাসরি উপস্থিতির পাশাপাশি অনলাইনে অংশগ্রহণের সুযোগ রাখতে হয়।

তবে ভালো পারফরম্যান্সের কোম্পানিগুলোর জন্য ব্যতিক্রমের সুযোগ তৈরি করে বিএসইসি। ২০২৪ সালের ২৭ মার্চ জারি করা চিঠিতে টানা পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম ও ইজিএম আয়োজনের অনুমতি দেওয়া হয়। এবার ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোকেও এ সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ারহোল্ডারদের অধিকার নিশ্চিতের বিষয়টি গুরুত্বপূর্ণ

ডিজিটাল এজিএম আয়োজনের ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের অধিকার সুরক্ষার শর্তও রয়েছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ, আগাম নিবন্ধন, প্রক্সি ভোট এবং অংশগ্রহণকারীদের রেকর্ড সংরক্ষণ করতে হবে। সভার কার্যক্রম সরাসরি সম্প্রচার এবং ভোটের ফলাফল যাচাইয়ের স্বচ্ছ ব্যবস্থা রাখতে হবে। সভা শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে যাচাইকৃত ফল কমিশনে জমা দেওয়ার নির্দেশনাও রয়েছে।

এজিএম পার্টির দৌরাত্ম্য কমবে

ডিজিটাল প্ল্যাটফর্মে ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো এজিএম আয়োজনের সুযোগ পেলে এজিএম পার্টির দৌরাত্ম্য আরো কমার সুযোগ তৈরি হবে। সরাসরি সভা আয়োজনের সময় বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী এজিএমে উপস্থিত হয়ে কোম্পানির কাছে অনৈতিক সুবিধা দাবি বা অর্থ আদায়ের চাপ সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সভা আয়োজন করা হলে এ ধরনের ব্যক্তিদের শারীরিক উপস্থিতির সুযোগ সীমিত হবে। এতে কোম্পানিগুলো একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত চাপ থেকে রেহাই পাবে, অন্যদিকে এজিএম আয়োজনের ব্যয় ও ব্যবস্থাপনাগত জটিলতাও কমবে।

আর্থিক সক্ষমতা ও সুশাসন নিশ্চিত করেই পুঁজিবাজারে আসতে হবে: বিএসইসি চেয়ারম্যান

২০৩০ সাল পর্যন্ত সময় পেল ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক

পুঁজিবাজারে আইপিও খরা কাটানোর আভাস

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন

বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির

সাত দশকেও শেয়ারনির্ভর ডিএসই