বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, ফেব্রিক্স, কাঁচামাল ও কেমিক্যালের হিসাবের গরমিল দেখিয়ে প্রায় ২৭০ কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানগুলো হলো—রূপগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেড, বন্দরের জাহিন নিটওয়্যার্স লিমিটেড, রূপগঞ্জের সানজানা ফেব্রিক্স লিমিটেড, আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেড, রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড এবং বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড।
প্রতিষ্ঠানগুলোর গুদামে সরেজমিনে পাওয়া মজুতের সঙ্গে স্টক রেজিস্টার ও কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের ব্যাপক অসংগতি পাওয়া গেছে। বন্ড সুবিধার অপব্যবহার করে শুল্কমুক্ত আমদানি করা কাঁচামাল খোলাবাজারে সরবরাহের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
এতে বলা হয়েছে, প্রাথমিক হিসাবে সিম ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা, জাহিন নিটওয়্যার্স লিমিটেডের বিরুদ্ধে ৬৪ কোটি ৬১ লাখ টাকা, সানজানা ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে ৬০ কোটি ৩৩ লাখ টাকা, বোনাফাইড নিটিং মিলস লিমিটেডের বিরুদ্ধে ৩৯ কোটি ৫০ লাখ টাকা, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে চার কোটি ৮৩ লাখ টাকা এবং জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ৯ কোটি ৪৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে।