হোম > বাণিজ্য > অর্থনীতি

ঋণের জামানত মূল্যায়ন করবে ১৩১ প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার

জামানতের মূল্য ফুলিয়ে অতিরিক্ত ঋণ নেওয়া ও ঋণ জালিয়াতি ঠেকাতে এবার আরো কঠোর হয়েছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি ব্যাংক ঋণের বিপরীতে দেয়া জামানত (কোল্যাটেরাল) মূল্যায়নের লক্ষ্যে ১৩১টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে। ব্যাংকগুলোকে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জামানত মূল্যায়ন করতে হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ২০২৩ সালের ২৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ‘জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানির তালিকাভুক্তিকরণ নীতিমালা’ প্রণয়ন করা হয়েছিল। ওই নীতিমালার আওতায় জামানত মূল্যায়নের জন্য যোগ্য প্রতিষ্ঠান হিসেবে ১৩১টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টি ‘ক’ গ্রুপ এবং ৩৩টি ‘খ’ গ্রুপে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ঋণের পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে দুই গ্রুপের প্রতিষ্ঠান থেকে জামানত মূল্যায়ন করা যাবে।

নির্দেশনায় আরো বলা হয়, ব্যাংকের ঋণগ্রহীতার নেয়া বা নেয়ার কথা থাকা ঋণের বিপরীতে দেয়া জামানতের মূল্যায়ন তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে জারি করা জামানত মূল্যায়নসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পরিপালনের জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে পুনরায় তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। তবে নির্ধারিত শর্ত ও নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে কিংবা যুক্তিসঙ্গত কারণে তিন বছর মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো প্রতিষ্ঠানকে তালিকা থেকে বাদ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ২০২৩ সালের ২৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ‘জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানির তালিকাভুক্তিকরণ নীতিমালা’ প্রণয়ন করা হয়েছিল।

তখন বলা হয়েছে, অতীতে বিভিন্ন ক্ষেত্রে ঋণের জামানত হিসেবে রাখা সম্পদের মূল্য কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর ঘটনা ঘটেছে। ফলে বড় অঙ্কের ঋণ নেওয়ার পর তা খেলাপি হলে জামানত বিক্রি করেও ব্যাংকগুলো পুরো অর্থ আদায় করতে পারেনি। এসব অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়।

ঋণঝুঁকি কমাতে ব্যাংকগুলো সাধারণত ঋণগ্রহীতার কাছ থেকে জমি ও ভবনের মতো স্থাবর সম্পত্তির পাশাপাশি মেশিনারি ও সহজে বিক্রয়যোগ্য পণ্যের মতো অস্থাবর সম্পত্তিও জামানত হিসেবে গ্রহণ করে। এসব সম্পদের সঠিক মূল্য নির্ধারণ ঋণ ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ।

ওই সময়কার সার্কুলারে বলা হয়েছে, ১ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব ব্যবস্থাপনায় জামানতের মূল্যায়ন করতে পারবে। তবে ১ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংকের নিজস্ব মূল্যায়নের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একটি জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদের মূল্য নির্ধারণ করতে হবে। আর ১০০ কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের ক্ষেত্রে ন্যূনতম দুটি পৃথক তালিকাভুক্ত প্রতিষ্ঠান দিয়ে জামানত মূল্যায়ন করাতে হবে।

সাঙ্গু নদীতে খেলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মেয়র পদে লড়তে কুমিল্লা সিটির ভোটার তারিকুল

পুলিশ কর্মকর্তার ঘরে মিলল ৯০ হাজার ইয়াবা

গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রেমিককে কোপালেন স্বামী

ঘরের দরজা ভেঙে দেখা গেল, ঝুলছেন চিকিৎসক

ডিএনসিসিতে ওয়াকিটকি কেনায় দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

গাজী নজরুলকে সংসদীয় কমিটিতে রাখা নিয়ে বিতর্ক, আপত্তিতে বাদ

‘আমজনতার ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই’

বিদ্যুৎ ও গ্যাস জনগণের অধিকার, কারও দয়া নয়: ব্যারিস্টার নাজিবুর