হোম > বাণিজ্য > অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে লাগবে না ই-টিআইএন

আমার দেশ অনলাইন

সীমিত আয়ের মানুষের ওপর করের চাপ কমাতে আগামী দুই অর্থবছর (২০২৬-২৭ ও ২০২৭-২৮) ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব থেকেও সরে আসতে পারে সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে তা ৫ লাখ টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস হওয়ার আগেই এসব সংশোধনী অন্তর্ভুক্ত করা হতে পারে।

গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছিলেন। বর্তমানে বছরে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত।

এদিকে, প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন বাধ্যতামূলক করার বিধান রাখা হলেও বিভিন্ন মহলের সমালোচনার মুখে তা প্রত্যাহারের চিন্তা করছে সরকার। সংশ্লিষ্টদের মতে, এমন শর্ত আর্থিক অন্তর্ভুক্তির পথে বাধা সৃষ্টি করতে পারে।

তবে ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে (বিটুবি) লেনদেনে শূন্য দশমিক ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপের প্রস্তাব অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গেছে।

এ ছাড়া সোনা বিক্রির ওপর মূলধনী লাভ কর (ক্যাপিটাল গেইন ট্যাক্স) ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রস্তাবিত অর্থবিলে সোনা, রুপা, গহনা, মূল্যবান পাথর, হীরা, ডিজিটাল মুদ্রা, শিল্পকর্ম, প্রাচীন নিদর্শন ও ক্লাব সদস্যপদ বিক্রি বা হস্তান্তর থেকে অর্জিত লাভের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছিল। একই হারে ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র, ডিবেঞ্চার, সুকুক, শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ এবং শেয়ার বিক্রির মূলধনী লাভের ওপরও কর আরোপের প্রস্তাব রয়েছে।

এদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল ও ইঞ্জিনিয়ারিং কলেজ এবং শুধু আইসিটি শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের করপোরেট করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

অন্যদিকে, আবাসন খাতের ডেভেলপারদের কর কাঠামোয় আপাতত কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

কমছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর

স্বর্ণ বিক্রিতে কমছে গেইন ট্যাক্স

করমুক্ত আয়সীমা হচ্ছে ৪ লাখ টাকা

ভ্যাট পরামর্শক নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে হবে

এডিপি বাস্তবায়ন ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন

ব্যক্তি ঋণের মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক

১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক

খেলাপি ঋণ, ঝুঁকিপূর্ণ ঋণ, পুনঃতফসিল, দেউলিয়া—এসব শব্দের অর্থ কী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনা সরকারের লক্ষ্য