হোম > বাণিজ্য > অর্থনীতি

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ব্যর্থ হওয়ায় তেলের দাম বাড়ার শঙ্কা

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পরও যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের আলোচনা ব্যর্থ হওয়ায় দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। সমঝোতা না হওয়ায় ওয়াশিংটন ও তেহরান একে অপরকে দায়ী করছে।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার ব্যর্থতাকে ইরানের জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। ইসলামাবাদ ছাড়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি, এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর।’

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যর্থতাকে স্বাভাবিক হিসেবে দেখছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এক বৈঠকেই সব সমস্যার সমাধান হয়ে যাবে— এমন প্রত্যাশা করা ঠিক নয়। শুরু থেকেই তেহরান জানত একটি মাত্র সেশনে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে না।

গত ৪৪ দিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যাদের বড় অংশই ইরানি নাগরিক। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন সংকট তৈরি করেছে।

বৈঠক ব্যর্থ হলেও হাল ছাড়ছে না পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, দীর্ঘদিনের দুই শত্রু দেশের মধ্যে শান্তি ফেরাতে ইসলামাবাদ তাদের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখবে। দুই পক্ষকে আবারো আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পাকিস্তান কাজ করে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই আলোচনা ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরো দীর্ঘস্থায়ী হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বিশ্বরাজনীতি ও অর্থনীতিতে।

সূত্র : আলজাজিরা

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, ক্রয়ক্ষমতা ও বিনিয়োগ নিয়ে নতুন উদ্বেগ

দেশে তিন মাসে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

কমেছে বিদেশি বিনিয়োগ, বেড়েছে বৈদেশিক ঋণ

শতাধিক গ্রিন শিপইয়ার্ড করার পরিকল্পনা সরকারের

সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ

নির্মাণ-উৎপাদন খাতে মন্দা কাটছে না, স্বস্তি কৃষিতে