হোম > বাণিজ্য > অর্থনীতি

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

সিপিডির পর্যালোচনা

অর্থনৈতিক রিপোর্টার

বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রভাবে দেশে মূল্যস্ফীতির চাপ আরো তীব্র হয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়ে পারিবারিক অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এছাড়া মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত ‘২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ অর্থনীতি : উত্তরণকালীন সময়ে বহুমাত্রিক চ্যালেঞ্জ’ শীর্ষক সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এ মূল্যায়ন তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং বৈশ্বিক অস্থিরতার কারণে অর্থনীতি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে উচ্চ মূল্যস্ফীতি সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলোর একটি।

তিনি বলেন, ২০২৬ সালের এপ্রিল মাসে দেশের মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ০৪ শতাংশে পৌঁছেছে। জ্বালানি, পরিবহন ও বিভিন্ন সেবা খাতের ব্যয় বৃদ্ধির ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অথচ একই সময়ে আয় ও মজুরি বৃদ্ধির গতি তুলনামূলক কম থাকায় সীমিত ও নির্দিষ্ট আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সিপিডির পর্যালোচনায় দেখা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে ডিজেলের দাম ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। জ্বালানির এ দাম সমন্বয়ের প্রভাব দ্রুত পরিবহন খাতে ছড়িয়ে পড়ে। বাসভাড়া বৃদ্ধির পাশাপাশি পণ্য পরিবহনের ব্যয়ও বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নতুন চাপ তৈরি হয়েছে।

রান্নার জ্বালানির ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। সিপিডির তথ্যমতে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম গত মার্চ মাসে ছিল এক হাজার ৩৪১ টাকা। মাত্র তিন মাসের ব্যবধানে তা বেড়ে জুনে এক হাজার ৮৮৫ টাকায় পৌঁছেছে। অর্থাৎ, এ সময়ে এলপিজির দাম ৪০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

সংস্থাটি মনে করে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক সংকট বাংলাদেশের আমদানিনির্ভর জ্বালানি খাতের দুর্বলতাকে নতুন করে সামনে এনেছে। বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হলে দেশের অর্থনীতি কতটা ঝুঁকির মুখে পড়তে পারে, বর্তমান পরিস্থিতি তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

জ্বালানি ব্যয় বৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থার সীমাবদ্ধতাকেও মূল্যস্ফীতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সিপিডি। সংস্থাটির মতে, সরবরাহ শৃঙ্খলে একাধিক মধ্যস্বত্বভোগীর উপস্থিতি এবং বাজারে অতিমাত্রায় কেন্দ্রীভূত নিয়ন্ত্রণের কারণে খুচরা পর্যায়ে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এর নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদেরই বহন করতে হয়।

সংবাদ সম্মেলনে ফাহমিদা খাতুন বলেন, চলতি অর্থবছরের শেষ পর্যায়ে এসে দেশের আর্থিক, সামাজিক ও উৎপাদনশীল খাত নানামুখী চাপের মধ্যে রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, সরকারি অর্থায়নের সীমাবদ্ধতা এবং ব্যাংকিং খাতের অস্থিরতা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এসব সমস্যা নতুন নয়; বরং কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বিদ্যমান রয়েছে।

তিনি আরো বলেন, সম্প্রতি অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস দেখা গেলেও তা দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রবণতার নিশ্চয়তা দেয় না। প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন ও কাঠামোগত সংস্কার ছাড়া এসব অর্জন টেকসই হবে না। তাই অর্থনীতির গভীরে থাকা দুর্বলতাগুলো দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।

এদিকে বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম নিম্নমুখী হওয়ার পরও দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধির প্রয়োজন ছিল না। স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর বাড়তি চাপ না দিয়ে বেশি ব্যবহারকারীদের জন্য পৃথক মূল্য কাঠামো বিবেচনা করা যেতে পারে।

সিপিডির পর্যবেক্ষণ অনুযায়ী, বিদ্যমান অর্থনৈতিক চাপ মোকাবিলায় শুধু স্বল্পমেয়াদি পদক্ষেপ যথেষ্ট নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতে দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচি গ্রহণই হতে পারে টেকসই সমাধানের পথ।

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

খুরশীদ আলমকে অপসারণের দাবিতে গ্রাহক ফোরামের বিক্ষোভ

ঋণ পরিশোধ ও মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ

অগ্রিম আয়কর থেকে রেহাই পাচ্ছেন মোটর বাইকাররা

এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়ানোর পক্ষে জাতিসংঘ

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

আইএমএফের কাছ থেকে জরুরি ভিত্তিতে ঋণ নিচ্ছে বাংলাদেশ

আজ যেসব এলাকায় ব্যাংক খোলা রয়েছে