হোম > বাণিজ্য > অর্থনীতি

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন ১১ প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে নতুন করে ১১টি সেবা দানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার পরিবেশ আরো সহজ, দ্রুত ও গতিশীল করতে সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এ চুক্তিতে স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে চারটি ব্যাংক ও সাতটি সিটি করপোরেশন রয়েছে। ব্যাংকগুলো হলো—রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সিটি করপোরেশনগুলো হলো—রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

বিডার পক্ষ থেকে জানানো হয়েছে, এ চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক ও সিটি করপোরেশনগুলো বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের সঙ্গে তাদের নিজস্ব সিস্টেম সংযুক্ত করবে। এর ফলে বিনিয়োগকারীরা অনলাইনের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণ, বিভিন্ন আর্থিক ও সিটি করপোরেশন সংক্রান্ত বিনিয়োগ সেবা দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন।

এ সময় আশিক চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য এমন একটি জায়গায় পৌঁছানো, যেখানে একজন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পগোষ্ঠীর বিনিয়োগকারী সবাই একটি মাত্র ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমে প্রয়োজনীয় সব সরকারি সেবা পেয়ে যাবেন। একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দেওয়ার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই।

তিনি বলেন, যেসব দেশ বিনিয়োগে অনেক এগিয়ে গেছে, তারা একবার দেওয়া ডেটা পুরো সরকারের মধ্যে ব্যবহারযোগ্য করে তুলেছে। বাংলাদেশও সেই পথে এগোচ্ছে। এই যাত্রা সহজ নয়, সময়সাপেক্ষ। কিন্তু আমরা দৃঢ়ভাবে এগোচ্ছি।

এই সার্ভিসের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরো বলেন, শুধু সিস্টেম চালু করলেই হবে না, সেবাগুলো ব্যবহার হচ্ছে কি না, বিনিয়োগকারীরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন—সেটি নিয়মিত মনিটরিং ও ফিডব্যাকের মাধ্যমে জানতে হবে। সেবার মান বাড়াতে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, সরকার প্রণীত ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) বিধিমালা, ২০২০ অনুযায়ী বিনিয়োগ সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ সেবা একক প্ল্যাটফর্ম থেকে প্রদানের লক্ষ্যে বিডা ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল চালু করেছে। এই ১১টি প্রতিষ্ঠান ছাড়াও এর আগে বিডা ৫২টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বর্তমানে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছে। এ সিস্টেমের মাধ্যমে এখন পর্যন্ত দুই লাখ ১৫ হাজার ৬৯৯টি আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের সেবাগুলোও এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।

‘অ্যাসাইকুডা সিস্টেম’র তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়

নতুন চ্যালেঞ্জের মুখে বৈশ্বিক অর্থনীতি

শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

বাজেট প্রস্তাব এফবিসিসিআই এর কাছে পাঠানোর অনুরোধ

তিন মাসে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার কোটি টাকা

ফেব্রুয়ারিতে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ

বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে: বাণিজ্যমন্ত্রী