হোম > বাণিজ্য > আমদানি-রপ্তানি

যুক্তরাষ্ট্র ও তুরস্কে পোশাক রপ্তানিতে বড় প্রবৃদ্ধি, ধীরগতি ইইউতে

ইসমাঈল হোসাইন সোহেল

চলতি অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৫.৮২ শতাংশ। জুলাই-অক্টোবর সময়ে মোট রপ্তানি দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৪ কোটি ৬৩ লাখ ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ২৯৯ কোটি ৩ লাখ ডলার। সে হিসাবে এই সময়ে রপ্তানি বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার। প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে অপ্রচলিত বাজারেও রপ্তানি বাড়ছে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রবৃদ্ধির গতি তুলনামূলক ধীর। তবে এই সময়ের মধ্যে ইইউতে বাংলাদেশের শীর্ষবাজারের অবস্থান ধরে রেখেছে স্পেন।

প্রসঙ্গত, দেশের রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশ তৈরি পোশাক খাতের। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে এই খাতের রপ্তানি আয় ছিল ৩৮.৭০ বিলিয়ন ডলার। আর একই সময়ে দেশের মোট রপ্তানি আয় ছিল ৪৮ বিলিয়ন ডলার।

ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে নিট পোশাক রপ্তানি বেড়েছে ৬.৭৯ শতাংশ, আর ওভেন পোশাকে প্রবৃদ্ধি হয়েছে ৪.৬০ শতাংশ। ফলে মোট পোশাক রপ্তানিতে নিটের অংশ আরো বেড়ে ৫৬.২ শতাংশে দাঁড়িয়েছে।

প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি

জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধির প্রায় ৩৫ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্রের বাজার থেকে। দেশটিতে রপ্তানি বেড়েছে ২৬ কোটি ২৯ লাখ ডলার। একই সময়ে অপ্রচলিত বাজারগুলোতে রপ্তানি বেড়েছে ২০ কোটি ১৮ লাখ ডলার, যা মোট প্রবৃদ্ধির প্রায় ২৭ শতাংশ। অন্যদিকে ইইউতে রপ্তানি বেড়েছে ১৭ কোটি ৪৫ লাখ ডলারের, যা মোট প্রবৃদ্ধির প্রায় ২৩ শতাংশ। আর যুক্তরাজ্যের বাজার থেকে এসেছে ১০ কোটি ৬২ লাখ ডলার বা প্রায় ১৪ শতাংশ। কানাডায় রপ্তানি বেড়েছে ১ কোটি ৬ লাখ ডলার।

বাজারভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আলোচ্য চার মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ৬৪৩ কোটি ১৭ লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২.৭৯ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ২৮৫ কোটি ডলারে, প্রবৃদ্ধি ১০.১৬ শতাংশ।

অপ্রচলিত বাজারে রপ্তানি হয়েছে ২৩৭ কোটি ১৬ লাখ ডলারের পোশাক, যা আগের অর্থবছরের তুলনায় ৯.৩০ শতাংশ বেশি। যুক্তরাজ্যে রপ্তানি ৬.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ কোটি ডলারে। কানাডায় রপ্তানি হয়েছে ৪৫ কোটি ২৯ লাখ ডলারের, প্রবৃদ্ধি ২.৪১ শতাংশ।

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়ছে, বাজারের হিসসাও বেশি

পরিসংখ্যানে দেখা গেছে, উল্লিখিত সময়ে প্রধান বাজারগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে দ্রুত বেড়েছে। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ২৮৫ কোটি ডলারের পোশাক, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.১৬ শতাংশ বেশি। বাংলাদেশের মোট পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অংশ বেড়ে ২০.৭৩ শতাংশ হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই হিসসা ছিল ১৯.৯২ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বাজারে নিট ও ওভেন—এই দুই ধরনের পোশাকেই প্রবৃদ্ধি হয়েছে। নিট পোশাক রপ্তানি ১০.০৬ শতাংশ বেড়ে ১১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ওভেন রপ্তানি বেড়েছে ১০.২২ শতাংশ, আয় ১৭৫ কোটি ডলার। এই সময়ে বাংলাদেশের মোট ওভেন পোশাক রপ্তানির ২৯.০৮ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রের বাজারে। ফলে ওভেন পোশাকের জন্য দেশটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য।

ইইউতে প্রবৃদ্ধি ধীর, শীর্ষ বাজার স্পেন

বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ইইউ। জুলাই-অক্টোবর সময়ে এ অঞ্চলে রপ্তানি হয়েছে ৬৪৩ কোটি ১৭ লাখ ডলারের পোশাক। তবে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২.৭৯ শতাংশ। মোট রপ্তানিতে ইইউর অংশ কমে ৪৬.৭৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪৮.১৭ শতাংশ।

বাজারটিতে নিট পোশাক রপ্তানি বেড়েছে ৪.২৮ শতাংশ। বিপরীতে ওভেন পোশাকে প্রবৃদ্ধি প্রায় স্থবির, যার হার মাত্র ০.২৯ শতাংশ।

ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন বাংলাদেশের সবচেয়ে বড় একক বাজারের অবস্থান ধরে রেখেছে। দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১৩.৩৬ শতাংশ, রপ্তানি আয় ১৪৪ কোটি ৮০ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জার্মানিকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে স্পেন। গত চার মাসে জার্মানিতে রপ্তানি প্রায় অপরিবর্তিত রয়েছে। দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১৪৩ কোটি ৯০ লাখ ডলারের।

অন্যদিকে, নেদারল্যান্ডসে রপ্তানি ৮.৬৮ শতাংশ বেড়ে ৭৮ কোটি ৪৬ লাখ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া ইউরোপের কয়েকটি বড় বাজারে রপ্তানি কমেছে। ফ্রান্সে ৭.৮৭ শতাংশ কমে রপ্তানি হয়েছে ৬১ কোটি ১১ লাখ ডলারের পোশাক। ইতালিতে কমেছে ৪.২৯ শতাংশ, ডেনমার্কে ১২.১০ শতাংশ এবং বেলজিয়ামে ২.১৪ শতাংশ।

যুক্তরাজ্যে নিট পোশাকের চাহিদা বাড়ছে

জুলাই-অক্টোবরে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬.৯২ শতাংশ বেড়েছে দাঁড়িয়েছে ১৬৪ কোটি ডলারে। দেশটিতে নিট পোশাক রপ্তানি ১১.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১৪ কোটি ডলার। তবে ওভেন পোশাক রপ্তানি ১.৭৮ শতাংশ কমেছে দাঁড়িয়েছে ৫০ কোটি ৪০ লাখ ডলারে। সে হিসাবে যুক্তরাজ্যের বাজারে প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি নিট পোশাক। কানাডায় রপ্তানি ২.৪১ শতাংশ বেড়ে ৪৫ কোটি ২৯ লাখ ডলারে দাঁড়িয়েছে। প্রধান বাজারগুলোর মধ্যে দেশটিতে প্রবৃদ্ধি তুলনামূলক কম।

প্রিন্টিং মেশিন আমদানির নামে আনা হলো জাল সিগারেটের স্ট্যাম্প ও প্রসাধনী

জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা

ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে

ট্যারিফ কমিশনের প্রতিবেদনের সঙ্গে বাজারদরে বড় ব্যবধান

জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৮০ শতাংশই তিন পণ্যে

মালয়েশিয়ার সঙ্গে এফটিএ আলোচনায় রপ্তানি বাজার সম্প্রসারণে নজর

খেলাপি সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

আমদানি কমছে মূলধনি যন্ত্রপাতির

৯ মাসে মালয়েশিয়ার রপ্তানি ৩৮৪ বিলিয়ন ডলার ছাড়াল