হোম > বাণিজ্য > আমদানি-রপ্তানি

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে বন্ড সুবিধার অপব্যবহার করে রপ্তানির আড়ালে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা ধরা পড়েছে। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামাল দিয়ে তৈরি পণ্য রপ্তানির ঘোষণা দিয়ে কনটেইনারে পাঠানো হচ্ছিল স্থানীয়ভাবে সংগ্রহ করা জাহাজের প্রপেলার স্ক্র্যাপ। কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের অভিযানে বিষয়টি উদ্ঘাটিত হয়।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে কাস্টমস হাউসের কমিশনারের নির্দেশে প্রিভেন্টিভ টিম বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টায় চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড অফডকে অভিযান চালায়। সেখানে সীতাকুণ্ডের ভাটিয়ারীর জাহানাবাদ এলাকার প্রতিষ্ঠান নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের একটি রপ্তানি চালান পরীক্ষা করা হয়।

গত ৩ নভেম্বরের বিল অব এক্সপোর্টের আওতায় চালানটি জাপানে যাওয়ার কথা ছিল। ঘোষিত মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার।

সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে চালানটির শতভাগ কায়িক পরীক্ষা হয়। ঘোষণায় পণ্য হিসেবে ‘সর্টেড কপার’ উল্লেখ থাকলেও কনটেইনারে পাওয়া যায় ঘোষণাবহির্ভূত ১০ পিস জাহাজের প্রপেলার স্ক্র্যাপ।

প্রাথমিক অনুসন্ধানের তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি গত ২৯ সেপ্টেম্বর বন্ড সুবিধায় কপার স্ক্র্যাপ ও কপার অ্যালয় স্ক্র্যাপ আমদানি করে। পরে ১৭ অক্টোবরের ইউটিলাইজেশন পারমিশনের (ইউপি) আওতায় ওই কাঁচামাল দিয়ে উৎপাদিত সর্টেড কপার রপ্তানির ঘোষণা দেয়। অথচ বাস্তবে রপ্তানি করা হচ্ছিল ভিন্ন উৎসের ও ভিন্ন ধরনের পণ্য।

কাস্টমস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঘটনাটিকে বন্ড সুবিধার অপব্যবহার ও শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে। চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

যুক্তরাষ্ট্র ও তুরস্কে পোশাক রপ্তানিতে বড় প্রবৃদ্ধি, ধীরগতি ইইউতে

প্রিন্টিং মেশিন আমদানির নামে আনা হলো জাল সিগারেটের স্ট্যাম্প ও প্রসাধনী

জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা

ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে

ট্যারিফ কমিশনের প্রতিবেদনের সঙ্গে বাজারদরে বড় ব্যবধান

জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৮০ শতাংশই তিন পণ্যে

মালয়েশিয়ার সঙ্গে এফটিএ আলোচনায় রপ্তানি বাজার সম্প্রসারণে নজর

খেলাপি সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো