স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি পণ্য ও গন্তব্য দুটোই বাড়ানো জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। রপ্তানি পণ্য বহুমুখী করতে কৃষি প্রক্রিয়াত শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তারা। এ জন্য শুল্ক ও অশুল্ক বাধা দূর করার পাশাপাশি এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য কূটনীতিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে বক্তারা।
কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অন্যতম প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় দেশের আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের রপ্তানি সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি বক্তব্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ সম্পর্কে গণমাধ্যমের ইতিবাচক ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক রপ্তানি ৪৮-৫০ বিলিয়ন ডলারে আটকে আছে। এলডিসি উত্তরণ পরবর্তী সময়ের জন্য এটি এক ধরনের ঝুঁকি। এর থেকে উত্তরণ করতে হলে আমাদের পণ্য ও রপ্তানি গন্তব্য দুটোতেই উন্নতি করতে হবে। এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য কূটনীতিকে অগ্রাধিকার দিতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে সমস্যা চিহ্নিত করে দ্বিপক্ষীয় চুক্তি করার মাধ্যমে এগিয়ে যেতে হবে।
কৃষি প্রক্রিয়াজাত শিল্প আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠতে পারে উল্লেখ করে তিনি বলেন, যে দেশে আমরা রপ্তানি বাড়াতে চাচ্ছি তাদের চাহিদা ও রুচি সম্পর্কে অবগত হয়ে সে বিষয়ে আমাদের কাজ করতে হবে। খাতটির সম্প্রসারণে আরও বড় বড় শিল্প গ্রুপকে এগিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় কৃষিপ্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে আমরা ব্যাপক পিছিয়ে রয়েছি। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বিশাল বাজার। বিশেষ করে সেভেন সিস্টার্সে আমাদের ভালো করার ব্যাপক সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে স্থলবন্দর জটিলতাসহ নন-ট্যারিফ কিছু বাঁধার কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্র, আফ্রিকার বাজারে আমরা ভালো করতে পারি, কিন্তু সহজলভ্য পরিবহন ব্যবস্থার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। কৃষিতে গুড এগ্রিকালচারাল প্যাকটিস না থাকায় ইউরোপের বাজারে আমরা ভালো করতে পারছি না।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রচার করে না, বরং সমাজে দৃষ্টিভঙ্গি ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত খাতের সাফল্য, কৃষকদের গল্প, উদ্ভাবন ও বাজার সম্ভাবনা নিয়ে ধারাবাহিক ইতিবাচক প্রচারণা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করবে।