জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) প্রথম রাজনৈতিক পর্ষদ গঠিত হয়েছে। দলের নির্বাহী পর্ষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাত সদস্যবিশিষ্ট এই নীতিনির্ধারণী পর্ষদ নির্বাচিত হয়েছেন।
গত ১৩ নভেম্বর রাতে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে সাত সদস্যের রাজনৈতিক পর্ষদ গঠন করা হয়। এর মাধ্যমে দলটির সাংগঠনিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দলের নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও শক্তিশালী, কার্যকর ও গণতান্ত্রিক করার লক্ষ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার ফুয়াদ জামান, মোস্তফা শাহরিয়ার ও অ্যাডভোকেট সানাউল্লাহর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন ভোট যাচাই-বাছাই ও অনুমোদন শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। তিন নির্বাচন কমিশনারের পক্ষে ফুয়াদ জামান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।
নির্বাচনে বিজয়ী হয়ে জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেয়েছেন নাঈম আহমেদ, অ্যাডভোকেট আব্দুল আলিম, মো. আহছান উল্লাহ, ইমরান হোসেন রাহাত, ড. জান্নাতুল আরিফ, মুত্তাকী বিন মুনির এবং ইঞ্জিনিয়ার মাহতাব হোসেন সাব্বির।
নির্বাচন কমিশন জানিয়েছে, অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। দলের নেতাকর্মীদের মতে, এই নির্বাচনের মাধ্যমে জেডিপির অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আরও সুসংহত হবে। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণমূলক প্রক্রিয়া জোরদার হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনির্বাচিত রাজনৈতিক পর্ষদের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে ন্যায়বিচার, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জেডিপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।