হোম > রাজধানী

ডা. ইব্রাহিমের আদর্শ থেকে শিক্ষা নেওয়া উচিত: সালেহউদ্দিন

স্বর্ণপদক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

চিকিৎসকদের শুধুমাত্র চিকিৎসাবিজ্ঞানে দক্ষ হলেই চলবে না, বরং তাদের মানবিক, দায়িত্বশীল এবং সমাজ ও জীবন সম্পর্কে সম্যক ধারণাসম্পন্ন হতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডা. মোহাম্মদ ইব্রাহিম অত্যন্ত মানবিক ও বাস্তববাদী মানুষ ছিলেন। বর্তমান প্রজন্মের চিকিৎসকদের তার আদর্শ থেকেই শিক্ষা নেওয়া উচিত।

সোমবার রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে আয়োজিত ‘ডা. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, রোগীর প্রতি চিকিৎসকদের আচরণে সবসময় মানবিকতা ও দায়িত্ববোধের প্রতিফলন থাকতে হবে। মানুষের জীবন ও সমাজকে গভীরভাবে বোঝার জন্য চিকিৎসকদের দর্শন পড়ারও প্রয়োজন রয়েছে। চিকিৎসাসেবায় অনিয়ম, সময়ানুবর্তিতার অভাব এবং রোগীর প্রতি অবহেলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতি ধরে রাখার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি একজন মিশনারি ও ভিশনারি মানুষ ছিলেন। তার আদর্শ ধারণ করেই আমাদের সবাইকে সামনে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, বারডেমের ল্যাবরেটরি দেশের অন্যতম সেরা এবং এখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কিডনিসহ বিভিন্ন জটিল রোগের পরীক্ষা করা হচ্ছে। তবে দিন দিন রোগীর সংখ্যা বাড়ায় বর্তমানে বারডেমে কাঙ্ক্ষিত শয্যা পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা আরও বাড়ানোর পাশাপাশি ক্যান্সার রোগীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বর্ণপদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোর্শেদ উদ্দিন আকন্দ। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোশাররফ হোসেন খানকে মরণোত্তর স্বর্ণপদক প্রদান করা হয়। তার পক্ষে সন্তান মোসাদ্দেস হোসেন অধ্যাপক এ কে আজাদ খানের হাত থেকে এই পদক গ্রহণ করেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোসাদ্দেস হোসেন এই সম্মাননাকে তাদের পরিবারের জন্য বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে ডা. মোর্শেদ উদ্দিন আকন্দ বলেন, শিক্ষাজীবনের এই সাফল্যকে টেকসই করতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে যথাযথভাবে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, বারডেমের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্বপ্ন ছিল—কোনো ডায়াবেটিস রোগী যেন অবহেলায় কিংবা নিঃস্ব অবস্থায় মারা না যান। সেই মহান মানবিক আদর্শ হৃদয়ে ধারণ করে রোগীদের নিঃস্বার্থ সেবা দেওয়ার জন্য তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

ইসরাইলে কাদিয়ানী মহাসম্মেলনে ইহুদিদের ঢলে তাদের আসল রূপ প্রকাশিত হয়েছে

বোরকা পরে সেবাগ্রহীতা বেশে ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা

শ্যামলী হাউজিংয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

দেশের বিভিন্ন জায়গায় এখন ‘অত্যাচারের উৎসব’ চলছে: মান্না

দৃষ্টিনন্দন জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অপেক্ষায়

ন্যাপ মহাসচিব নেওয়াজ আহমদ খানের মুক্তির দাবিতে মানববন্ধন

ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আদাবরে বাড়ি দখল চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য বিষয়ক প্রশিক্ষণ

‘ছোটদের সময় প্রকাশনী’র আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন