আগামী ৫ সেপ্টেম্বর গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও তেল সংকট নিরসন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য আহূত ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করার লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর পূর্ব থানা শাখা।
বুধবার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়া এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান।
মিছিলে মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরার সদস্য ও থানা আমির মশিউর রহমান, মোহাম্মদপুর পূর্ব থানা সেক্রেটারি আনিসুর রহমান, থানা অফিস সম্পাদক আব্দুল হাদী, থানার কর্মপরিষদ সদস্য মো. সুলাইমান, মাওলানা সিরাজুল ইসলাম, হাওলাদার আহমদ আলী, যুবনেতা সালাউদ্দিন, ফরহাদ আলমসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
মিছিলটি লালমাটিয়া আড়ংয়ের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি লালমাটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালমাটিয়া মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করার আহ্বান জানানো হয়।
এ সময় নেতারা গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও তেল সংকট নিরসন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেন।