হোম > রাজধানী

৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে সাবেক বিডিআর সদস্যরা

প্রতিনিধি, ঢাবি

২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডির পর চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত সাবেক বিডিআর সদস্যরা চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের এই কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীরা শুরুতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা দিলেও পরে তা স্থগিত করে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। বেলা ১১টার দিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. রোকসেদ আলম একথা নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা আশা করছি, প্রতিনিধি দল সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সন্তোষজনক সমাধান নিয়ে ফিরবে। আর যদি ফলাফল আশানুরূপ না হয়, তবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। প্রয়োজনে ‘মার্চ টু সচিবালয়’ থেকে ‘মার্চ টু যমুনা’ও হবে।

সাবেক বিডিআর সদস্য কামরুজ্জামান উজ্জ্বল বলেন, গত ১৭ বছর মানবেতর জীবন কাটিয়েছি। ১৩ মাস কারাভোগ করেছি। ছেলেকে ভালো কলেজে পড়াতে পারিনি। পরিবারের মুখে ভালো খাবার তুলে দিতে পারিনি। গার্মেন্টসে কাজ করেছি। কেউ সুবিচার দেয়নি। আমরা ড. ইউনূস সরকারের দিকে তাকিয়ে আছি- তিনি আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবেন।

আরেক সদস্য জসীম উদ্দীন বলেন, আমি বিনাদোষে চার বছর কারাভোগ করেছি। আজ আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি মেনে নেবে।

তাদের তিন দফা দাবি হলো- ১. চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ: পিলখানা ও দেশের অন্যান্য বিডিআর ইউনিটসমূহে সাদারি কোর্ট ও বিশেষ আদালতের মাধ্যমে চাকরিচ্যুত (৭৬ ব্যাচসহ) সকল সদস্যকে পুনর্বহাল এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

২. স্বাধীন তদন্ত কমিশন গঠন: পিলখানা হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তর করতে হবে। পাশাপাশি, কমিশনের কার্যকারিতা বাধাগ্রস্তকারী সকল বিধিনিষেধ (বিশেষ করে ‘ব্যতীত’ শব্দ ও ধারা ২(৫)) বাতিল করতে হবে। নিরপরাধ সদস্যদের মুক্তি ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৩. বিডিআর নাম পুনঃস্থাপন ও সেনা কর্মকর্তাদের পুনর্বাসন: ষড়যন্ত্রমূলকভাবে চাকরিচ্যুত দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের পুনর্বাসন ও ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’ নামটি পুনরায় ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই

ঐতিহ্যের গল্পে শেষ ‘হৃদয়ে ঢাকা ৪১৬’

পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য

নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও