ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬টি মামলা হয়েছে। এ সময় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনায় ২৯ জন, লালবাগে ৪৫ জন, ওয়ারীতে ৫০ জন, মতিঝিলে ৩৬ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ৩১ জন, উত্তরায় ৫০ জন ও গোয়েন্দা বিভাগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা, একটি গ্রেনেড, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩.২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ তিন হাজার টাকা এবং দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।