রাজধানীর বাংলামোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারিতে ৭ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা হলেন, আসিফ (২১), মোছা. জান্নাতুল মীম (২২),মো. আবরার(২৩),আল-আমিন(২৩), মো. ইমরান (২৩) ও মাসুদ (২২) ।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বাংলামটর রূপায়ন ট্রেড সেন্টারে দ্বিতীয় তলায় বৈষম্যবিরোধীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এই ঘটনা ঘটে।
আহত আলআমিন নামে এক শিক্ষার্থী জানান, যাত্রাবাড়ী এলাকায় সমন্বয়কদের মধ্যে মতবিনিময় সভা ছিল। সেখান নাঈম হামিদ পৃথু নামে এক শিক্ষার্থীকে ও আন্দোলনের সক্রিয় সদস্যকে মারধর করে আশিকুজ্জামান হৃদয়, শিমুল, আশিকসহ আরও কয়েকজন মিলে। তারাও বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য। সেই ঘটনার মীমাংসা জন্য দুপুরে প্রধান কার্যালয়ে বসে আলোচনার কথা ছিল। সেই অনুযায়ী সবাই বাংলামটর রূপায়ণ ট্রেড সেন্টারে উপস্থিত হন। এক পর্যায়ে কার্যালয়ের ভিতরে তাদেরকে পিটিয়ে আহত করা হয়। এতে অন্তত ১০ জন আহতের দাবি করেন তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি এখন পর্যন্ত ৭ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।