শিশুদের মেধা বিকাশ ও মননশীল সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র আয়োজনে শিশু-কিশোর উপযোগী আটটি নতুন ও মানসম্মত গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার আয়োজিত এই প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিশুসাহিত্যিক ও ছড়াকার মাহমুদ উল্লাহ। অনুষ্ঠানে শিশুসাহিত্যিক শওকত হোসেন ও মনসুর আজিজ আলোচক হিসেবে এবং শিশুসাহিত্যিক আশরাফুন্নেছা দুলু সভাপতির দায়িত্ব পালন করেন।
এতে স্বাগত বক্তব্য দেন শিশুসাহিত্যিক মামুন সারওয়ার।
এদিন শিশু-কিশোরদের উপযোগী যে আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে—
১. কবি ও শিশুসাহিত্যিক আবদুল হাই শিকদারের মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘টম একাত্তর’।
২. বিখ্যাত ছড়াকার আবু সালেহর শিশুতোষ ছড়ার বই ‘মুখে মুখে ছড়া’।
৩. খ্যাতিমান শিশুসাহিত্যিক ফারুক হোসেনের বই ‘ভালো হওয়ার গল্প’।
৪. শিক্ষাবিদ ও শিশুসাহিত্যিক মুহাম্মদ আসাদুজ্জামানের ছোটদের গল্পের বই ‘সবুজ পাহাড়ে কালো ভূত’।
৫. শিশুসাহিত্যিক রেজাউল করিম খোকনের রূপকথার গল্প ‘হনমুন দ্বীপে ভয়ংকর অভিযানে’।
৬. জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের শহীদ উসমান হাদীকে নিয়ে কিশোর উপন্যাস ‘হাদী ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে’।
৭. চিকিৎসক ও কবি ফাতেমা কাওসারের কবিতার বই ‘লাল জুলাইয়ের বাংলাদেশ’।
৮. শিশুসাহিত্যিক মামুন সারওয়ারের ছড়ার বই ‘ছড়াগুলো মননের জন্য’।
আলোচনা পর্বে শিশুসাহিত্যিক ফারুক হোসেন তাঁর ‘ভালো হওয়ার গল্প’ বইটি সম্পর্কে বলেন, “জুলাই বিপ্লবের পর তরুণরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে যে অসামান্য অবদান রেখেছে, তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেই এই গল্পগুলো লেখা হয়েছে।”
লেখক মুহাম্মদ আসাদুজ্জামান তার ‘সবুজ পাহাড়ে কালো ভূত’ বইটির গল্প নিয়ে আলোচনা করেন। শিশুসাহিত্যিক রেজাউল করিম খোকন জানান, ভিয়েতনামের রূপকথার গল্প অবলম্বনে ‘হনমুন দ্বীপে ভয়ংকর অভিযানে’ একটি রহস্যধর্মী শিশু-কিশোর উপন্যাস হিসেবে রচিত হয়েছে। বিখ্যাত ছড়াকার আবু সালেহ বলেন, ‘মুখে মুখে ছড়া’ বইটি তাঁর ছোটবেলার মধুর স্মৃতি নিয়ে শিশু-কিশোরদের জন্য লেখা, যা বর্তমান প্রজন্মের জানা অত্যন্ত প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট শিশুসাহিত্যিক ও অতিথিরা শিশুদের মানসিক বিকাশ এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের মানসম্মত শিশুসাহিত্য প্রকাশের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।