রাজধানীর পল্টন বিজয়নগর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বিজয়নগর পানিরটাংক এলাকায় এ ঘটনা ঘটে।
সাজুকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে।
নিহত সাজুর বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। তার বাবার নাম মোতালেব মোল্লা। তিনি মুগদার মান্ডা এলাকায় থাকতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. বায়জিদ জানান, বিজয়নগর এলাকার একটি বাসার প্রাইভেটকার চালান সাজু। গতরাতে মুগদা বাসা থেকে বায়জিদ তার নিজের অটোরিকশায় করে সাজুকে নিয়ে আসেন বিজয়নগর। বিজয়নগর পানিরটাংক এলাকার রাস্তায় তাকে নামিয়ে দিয়ে বায়েজিদ রাস্তার উল্টো পাশে গিয়ে চা পান করছিলেন। এর কয়েক মিনিট পরে গলি থেকে চিৎকার শুনতে পান এবং বায়জিদকে নাম ধরে ডাকতে শুনেন। তখন সে দৌড়ে রাস্তার উল্টো পাশে গিয়েও সাজুকে আর দেখতে পাননি। পরবর্তীতে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় একটি গলি থেকে রক্তাক্ত অবস্থায় সাজুকে উদ্ধার করা হয়।
বাইজিদ আরও জানান, তার ধারণা গলি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন সাজু। তার মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেয়ায় তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।