মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে একটি দল আড়াই ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।