হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত কয়েক দিনে ধারাবাহিক গোয়েন্দা অভিযানে গোল্ড পেস্ট, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, বিপুলসংখ্যক মোবাইল ফোন, সিগারেট, মিল্ক পাউডার, নিষিদ্ধ গৌরি ক্রিম, বিদেশি ঔষধ, মদসহ প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বিমানবন্দরের এ, বি ও সি-শিফটের পৃথক অভিযানে চোরাচালান ও অবৈধ আমদানির একাধিক প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে।
সিআইআইডি সূত্র জানায়, গত ২১ আগস্ট মহাপরিচালকের কাছ থেকে পাওয়া নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা Flydubai-এর FZ501 ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মডেলের iPhone ও Pixel ফোন, ১৬১ কার্টন MOND সিগারেট, Whitening Serum ও দুটি ল্যাপটপ পাওয়া যায়। একই দিনে EK582 ও QR640 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক করা হয়। এসব অভিযানে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।
এর আগে ২০ আগস্ট এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা EK582, BS342 ও GF250 ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি বা ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি NAN Pro Nutrition মিল্ক পাউডার এবং ১১৬ পিস বা ৪ দশমিক ৪৬ কেজি ক্রিমজাতীয় ঔষধ আটক করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।
একই দিন বি-শিফটের পৃথক অভিযানে BS346, BS316 ও EK586 ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় ৮৩ কার্টন সিগারেট, ১৯৮ পিস ভ্যাপ, ১০টি Redmi Note 15 মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম, ৪ লিটার বিদেশি মদ, সাবানসহ অন্যান্য পণ্য আটক করা হয়। এসব অভিযানে আটক পণ্যের আনুমানিক মোট মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।
১৮ আগস্ট কলম্বো-ঢাকা রুটের SriLankan Airlines-এর UL189 ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের iPhone ও Redmi ফোন, iPhone-এর SKD front ও back parts এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ঔষধ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।
অন্যদিকে, ১৭ আগস্ট দুবাই থেকে আসা EK584 ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করে বি-শিফট। পরে স্বর্ণকারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর সেখান থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়। একই অভিযানে ৮ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন MOND সিগারেট আটক করা হয়। এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মোট মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।
সিআইআইডির দেওয়া হিসাব অনুযায়ী, এসব অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ ও আনুমানিক ঘোষিত মোট মূল্য ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা।
সিআইআইডি সূত্র জানায়, গোল্ড পেস্ট থেকে ভ্যাপ, মোবাইল-সিগারেট থেকে মিল্ক পাউডার ও নিষিদ্ধ ক্রিম—চোরাচালানের ধরন ও কৌশলে পরিবর্তন এসেছে। এসব পরিবর্তিত কৌশল শনাক্তে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং শিফটভিত্তিক নিবিড় নজরদারির মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান অব্যাহত রয়েছে।