বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং খিলগাঁও, সবুজবাগ ও মুগদা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ বলেছেন, দেশে একটি সৎ, দুর্নীতিমুক্ত ও ন্যায়পরায়ণ শাসনব্যবস্থা এবং বৈষম্যহীন সরকার প্রতিষ্ঠিত হলে চিকিৎসাসেবা, সাহায্য-সহযোগিতা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে চব্বিশে ছাত্র-শ্রমিক-জনতা জীবন দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি করেছিল। কিন্তু দুঃখজনকভাবে এখনো সমাজের সর্বস্তরে বৈষম্য রয়ে গেছে। সমাজের প্রতিটি স্তরে বৈষম্যের কারণে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা বাড়ছে। অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে সাধারণ মানুষের মধ্যে বাজার নিয়ে হাহাকার বিরাজ করছে।
শনিবার রাজধানীর সবুজবাগ খেলার মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সবুজবাগ-মুগদা অঞ্চলের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে সুন্নাতে খাতনা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কবির আহমদ আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করাই আমাদের লক্ষ্য। শুধু উন্নত চিকিৎসা বা সুন্নাতে খাতনার আয়োজন নয়, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন এবং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক এস এম শাহজাহানের সভাপতিত্বে এবং ছাত্রনেতা হাসিব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফেডারেশনের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, সবুজবাগ পূর্ব থানা প্রধান উপদেষ্টা রওশন জামান, উপদেষ্টা হাফিজুর রহমান শামীম ও মোশাররফ হোসেন চঞ্চল।
এ ছাড়া বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদ আক্তার মাওলা সোহেল, শ্রমিক নেতা রুহুল আমিন ও গোলাম কাদেরসহ স্থানীয় নেতারা।