উত্তরা এলাকার পেশাদার ছিনতাইকারী চক্রের ১২ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রোববার রাত ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।
ঢাকা-আশুলিয়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উত্তরা এলাকার পেশাদার ছিনতাইকারী চক্রের ১২ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ রুবেল (২৭), মো. মুছা মৃধা (২২), মো. রাজন (১৯), জুয়েল (২৬), মো. কাশেম (৪১), টুটুল আলী (৪০), মো. সুজন (২২), মো. শাওন হাওলাদার (৩০), মো. রিপন (২৫), ওমর ফারুক (২২), শাকিল (২৩) ও মো. নাজমুল হাসান (২৫) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, রোববার রাতে কতিপয় দুষ্কৃতকারী উত্তরা ৯নম্বর সেক্টরের ঝিলপাড় শাপলা মসজিদের উত্তর পাশে ঢাকা-আশুলিয়া মহাসড়কে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে, এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি আভিযানিক দল দ্রুত সেখানে পৌঁছে ১২ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি ধারালো লোহার চাপাতি ও দু’টি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত রুবেল, মুছা, জুয়েল ও কাশেমের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম, তুরাগ ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।
এমএস