হোম > রাজধানী

২০ দেশের পর্যটন প্রতিনিধিরা আসছেন ঢাকায়

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীতে আগামী ২৯ অক্টোবর শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এ বিশ্বের ২০টির বেশি দেশের পর্যটন খাতসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেলায় ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, পর্যটন বোর্ড, ট্রাভেল এজেন্সি এবং পর্যটন খাতের অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে।

দেশের ট্যুর অপারেটরদের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) পর্যটনের প্রসার, ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ মেলার আয়োজন করছে।

সোমবার রাজধানীর পাঁচতারকা হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ।

নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের প্রতিনিধিরা ইতোমধ্যে মেলায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানের পর্যটন খাতসংশ্লিষ্ট প্রতিনিধিরাও এ আয়োজনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

মোহাম্মদ হানিফ বলেন, আন্তর্জাতিক পর্যটন খাতসংশ্লিষ্টদের অংশগ্রহণ বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর প্রচার, ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলা এবং বৈশ্বিক বাজারের সঙ্গে পর্যটন অংশীদারত্ব সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করবে।

তিনি বলেন, চারটি বিষয়ভিত্তিক প্রদর্শনী হলে ২০০টির বেশি বুথ ও স্টলের মাধ্যমে এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটরসহ ২২০টির বেশি প্রদর্শক তাদের পর্যটন পণ্য ও সেবা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

এ আয়োজনে ২৫০ জনের বেশি যোগ্য ক্রেতা, আড়াই হাজার বাণিজ্যিক দর্শনার্থী এবং ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থীর সমাগম হবে বলেও ধারণা করা হচ্ছে।

বিটিটিএফ ২০২৬-এর টাইটেল স্পন্সর হিসেবে থাকবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

মেলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহযোগিতা করছে।

মোহাম্মদ হানিফ বলেন, বিগত ১৩টি আয়োজনের মাধ্যমে বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। এ মেলা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপনের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ভ্রমণ শিল্পে ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে ভূমিকা রেখে আসছে।

তিনি আরও বলেন, প্রদর্শনী, পর্যটন গন্তব্যের প্রচার, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং অংশীজনদের সম্পৃক্ততার মাধ্যমে এবারের মেলা বৈশ্বিক পর্যটন অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও সুদৃঢ় করবে এবং দেশের পর্যটন খাতের বিকাশে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

নেপালের ৫ হাজার বন্যার্ত পরিবারের পাশে আল-মারকাজুল

ঢামেকে দুই দিনে চার বন্দীর মৃত্যু

মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন

২০৩৮ শিশু এখনো নিখোঁজ, উদ্ধারে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজনরা

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান

২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হবে শহীদ জিয়া শিশু পার্ক: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭

সাভারে খাস পুকুর খনন ও সৌন্দর্যবর্ধনের নামে কোটি টাকার মাটি বিক্রির অভিযোগ

মিরপুরে ঘরে টিভি দেখার সময় জানালা দিয়ে গুলি, নারী আহত