হোম > রাজধানী > ঢাকা উত্তর

জলাবদ্ধতা নিরসনে পাঁচ বছরেও নেই সিটি করপোরেশনের নিজস্ব জনবল

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ভারী বৃষ্টিতে গত রোববার রাজধানী ঢাকার বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় দুই সিটি করপোরেশন কুইক রেসপন্স টিম নামালেও পরে জানা যায়, জলাবদ্ধতা নিরসনের জন্য তাদের নিজস্ব কোনো ড্রেনেজ জনবল নেই।

রাজধানীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব নিয়ে দীর্ঘদিন ঢাকা ওয়াসা ও দুই সিটি করপোরেশনের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর অবসান ঘটাতে ২০২০ সালের ৩১ ডিসেম্বর ওয়াসার ড্রেনেজ (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) সার্কেল দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়।

তবে সাড়ে পাঁচ বছরেও তারা নিজস্ব ড্রেনেজ সার্কেল চালু করতে পারেনি। ওয়াসা থেকে দেওয়া কর্মকর্তা-কর্মচারীরাও পরে নিজ প্রতিষ্ঠানে ফিরে গেছেন। আমলাতান্ত্রিক জটিলতায় এখনও নতুন জনবল নিয়োগ হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ওয়াসার কোনো জনবল বা যন্ত্রপাতি নেয়নি। ঢাকা উত্তর সিটি করপোরেশন ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী নিলেও যন্ত্রপাতি নেয়নি। এক বছর পর ওই কর্মকর্তা-কর্মচারীরা ওয়াসায় ফিরে যান।

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদ উদ্দিন বলেছেন, সিটি করপোরেশনে তাদের কোনো কাজ বা বসার জায়গা দেওয়া হয়নি। এ কারণে তারা ওয়াসায় ফিরে আসেন।

২০২১ সালের মার্চে দুই সিটি করপোরেশন ড্রেনেজ সার্কেলের জন্য ১৫৬ জনের জনবল কাঠামোর প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠায়। তবে দীর্ঘ চিঠি চালাচালির পর চলতি বছরের ২৬ জানুয়ারি দুই সিটির জন্য ৩১ জন করে জনবল অনুমোদন দেওয়া হয়। বর্তমানে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। সেখান থেকে অনুমোদনের পর এটি আইন মন্ত্রণালয় ও সচিব কমিটিতে যাবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সিটি করপোরেশন) রবিউল ইসলাম বলেছেন, বিলম্বের কারণ সে সময় দায়িত্বে থাকা কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজ বলেছেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বারবার তথ্য ও ব্যাখ্যা চাওয়ায় অনুমোদন প্রক্রিয়ায় দেরি হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম বলেন, অনুমোদিত জনবল এত বড় নগরের ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত নয়।

অনুমোদিত কাঠামোয় প্রতিটি সিটি করপোরেশনের জন্য মোট ৩১টি পদ রাখা হয়েছে। তবে সাবেক ওয়াসা এমডি এ কে এম শহীদ উদ্দিন বলেন, ওয়াসার ড্রেনেজ সার্কেলেই ৬২ জন কর্মী ছিল। তাই এত কম জনবল দিয়ে রাজধানীর জলাবদ্ধতা নিরসন কঠিন হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মেহেদী আহসান বলেছেন, জনবল কাঠামো অনুমোদনের জটিলতা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং কারিগরি জনবলের ঘাটতির কারণে সিটি করপোরেশনের কাজের গতি ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস, বৃষ্টি বাড়বে কবে থেকে

খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে অধ্যাপক জসিম উদ্দিনের যোগদান

ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতাবিষয়ক আলোচনা সভা

কেরানীগঞ্জে যাচ্ছে ফুলবাড়িয়া টার্মিনাল

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে হাফেজদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

র‍্যাংকিং বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বাজেট দেবে ইউজিসি

ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা