হোম > রাজধানী > ঢাকা উত্তর

বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ প্রায় ৬৪৩ ভরি। ২৪ ক্যারেটের এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার বাসিন্দা মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা মো. শাওন (৩৯)।

পুলিশ জানায়, অভিযানের সময় এপিবিএনের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।

পরে এপিবিএন কার্যালয়ে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করা হলে তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরবর্তী সময়ে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণ করে বস্তুগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত করা হয়। অভিনব কৌশলে শরীরের সঙ্গে লুকিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো বহন করা হচ্ছিল বলে জানিয়েছে এপিবিএন।

সৌদি আরব থেকে স্বর্ণ আনার অভিযোগ: আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে জাকিরুল ইসলাম জুয়েল ও শাওনসহ দেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তারা একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করছে এপিবিএন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমই

কাফরুলে ছাত্রলীগের সাবেক ভিপি গ্রেপ্তার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসনের আহ্বান সেলিম উদ্দিনের

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

রাজধানীসহ সারা দেশে যান চলাচল স্বাভাবিক

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

রাজধানীর উত্তরার বাসের ধাক্কায় যুবক নিহত

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬