রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে।
বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘আদ্-দ্বীন হাসপাতাল আজ বুধবার ছয় শিশুর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ গভীর দুঃখ ও শোক প্রকাশ করছে। আকস্মিক এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।
ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২৬ মে ২০২৬ দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের ২য় তলায় অবস্থিত পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২-এ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো চালু থাকলেও নবজাতকদের একাধিক মা সেগুলো বন্ধ করার জন্য বলেন। একপর্যায়ে কর্তব্যরত নার্সরা সেগুলো বন্ধ করে দেন।
রাত ৩টার দিকে আবার এসি চালু করা হয়। এরপর রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিক কান্না করতে থাকলে দ্রুত তাকে পরিচর্যা কেন্দ্র এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়। পর্যায়ক্রমে অন্য পাঁচ নবজাতককেও দ্রুত সময়ের মধ্যে এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়।
সকাল ৬টার সময় প্রথম নবজাতক মারা যায় এবং সকাল ৬টা থেকে ৯টার মধ্যে অন্য পাঁচ নবজাতক মারা যায়। এই ওয়ার্ডে সদ্য ডেলিভারি হওয়া মায়েরা সন্তানসহ অবস্থান করেন এবং রাতের বেলা তিনজন নার্স দায়িত্বরত ছিলেন।
উল্লেখ্য, ঘটনা ঘটার সাথে সাথে হাসপাতালের ঊর্ধ্বতন সব দায়িত্বশীল কর্মকতার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য হাসপাতালে অবস্থান করছেন। এখানে উল্লেখ্য যে, এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক দুর্ঘটনা কেন ঘটল, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিকভাবে সহযোগিতা করছেন।
আদ্-দ্বীন কর্তৃপক্ষও অভ্যন্তরীণভাবে মর্মান্তিক এ ঘটনার তদন্ত করছে। ঘটনায় কারও গাফিলতি কিংবা ত্রুটি চিহ্নিত হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’