হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

দলীয় রাজনৈতিক প্রভাবের কারণে দেশে শিক্ষকরা হেনস্তা হচ্ছেন: ঢাবির সাবেক উপাচার্য

স্টাফ রিপোর্টার

দলীয় রাজনৈতিক প্রভাবের কারণে দেশে শিক্ষকেরা হেনস্তা হচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, রাজনৈতিক লোকজন যেন আমাদের সম্মান করে, সেই পথ আমাদের তৈরি করতে হবে।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়তে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় নিয়াজ আহমেদ এ কথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স (বিএসএ)।

রাজনীতির সঙ্গে যুক্ত লোকজন শিক্ষকদের সম্মান করার পরিস্থিতি তৈরি করতে তিনটি বিষয় নিশ্চিত করতে হবে উল্লেখ করে নিয়াজ আহমেদ খান বলেন, শিক্ষকদের পরস্পরের হাত ধরে রাখতে হবে; পেশাগত উৎকর্ষের জন্য শিক্ষকদের পড়াশোনা করতে হবে, অন্তত অনলাইনভিত্তিক কিছু কোর্স করতে হবে এবং যে শিক্ষক যে কাজে দক্ষ, তাকে সেই দায়িত্ব দিয়ে শিক্ষকতার ভেতরে পেশাটাকে আরো বহুমুখী করে তুলতে হবে।

তিনি বলেন, রাজনীতি আমাদের বারবার আশাহত করেছে। আমরা যারা দলীয় রাজনীতির বাইরে, আমরা রাজনীতির প্রতি বিরক্ত, বীতশ্রদ্ধ। কিন্তু সমাধান এই নয় যে আমি রাজনীতি ছাড়া চলব, বিরাজনীতিকরণ সমাধান নয়।

নিয়াজ আহমেদ খান বলেন, আমাদের সমাজে ক্ষমতার মানে হচ্ছে আরেকজনকে ভয় দেখানো। এই মানসিকতা মোকাবিলা করার উপায় ঐক্যবদ্ধ থাকা। আমি রাজনীতিকে বাদ দিয়ে চলতে বলছি না। আমি বলছি রাজনৈতিক লোকজন আমার সঙ্গে আসুক, কিন্তু আমি তার পেছনে যাব না। তার জন্য শিক্ষকদের মেরুদণ্ড শক্ত করে দাড়াতে হবে। সব পর্যায়ের শিক্ষককে একটা প্ল্যাটফর্মে থাকতে হবে।

এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, অধিকাংশ শিক্ষক যতটুকু বেতন পান, তা দিয়ে সংসার চলে। যখন অবসরে যান, তখন তাদের সেই বেতনটাও থাকে না। তখন তারা এক অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়েন। তাদের পেনশন থেকে একটি অংশ কেটে রাখা হয়, পেনশন পেতে অনেক সময় অপেক্ষা করতে হয়।

তিনি বলেন, শিক্ষকেরা অবসরে যাওয়ার তিন থেকে চার মাসের মধ্যে তাদের পেনশনের সব টাকা দেওয়া হলে অবসরকালীন কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারেন। প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার সমালোচনা করেন আখতার হোসেন।

সরকার গায়ের জোরে অনেক সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, র‍্যাবের জায়গায় যেমন তারা এসআরবি করেছে, একইভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের জায়গায় নিজেদের মতো একটা নাম দিয়ে তারা সাইবার সুরক্ষা আইন করতে যাচ্ছে।

জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ বলেন, ঐতিহ্যবাহী শিক্ষাধারা কওমি ঘরানায় কোনো নজরদারি এবং আলেমদের তত্ত্বাবধান না থাকায় যে যার ইচ্ছেমতো একটা প্রতিষ্ঠান খুলছেন। সেখানকার কাজগুলোর সব দায় নিতে হচ্ছে এই শিক্ষাব্যবস্থাটাকে।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, অনেক বড় শিক্ষক নেতারা ক্লাসে যান না, নেতাগিরি করেন। এর ফলে ওই শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের ভালো সম্পর্ক গড়ে ওঠে না।

বিএসএর আহ্বায়ক আবদুর রহমান রিজভীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিশ্ববিদ্যালয় শিক্ষক অ্যালায়েন্সের (ইউটিএ) সদস্যসচিব শামীম হামিদী, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জসিম উদ্দিন আহমেদ, অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের মহাসচিব মো. আব্দুর রহমান, নন-এমপিও শিক্ষক কর্মচারী পরিষদের আহ্বায়ক শামিয়া জামান পান্না, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক আবদুল হামিদ প্রমুখ বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন বিএসএর সদস্যসচিব সিরাজুল ইসলাম।

এমই

বুড়িগঙ্গায় ভাসমান হোটেল, দখল-দূষণের শঙ্কা

হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে শনিবার জামায়াতের বিক্ষোভ

সাংবাদিকদের ওপর হামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি পাঁচ মাসেও

৬৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা

ডেঙ্গু প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো সৃজনশীল ও মননশীল প্রজন্ম গড়ে তোলার আহ্বান

বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসিতে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’