হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

বিএনপি নেতা সামছুর ওপর হামলার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি

আমার দেশ অনলাইন

রাজধানীর মাতুয়াইলে বিএনপির নেতা ও মাতুয়াইল মেডিকেল ইউনিটের সভাপতি মো. সামছুদ্দিন খান সামছুর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মাতুয়াইল মেডিকেলের সামনে স্থানীয় এলাকাবাসী, বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৪ জুলাই ২০২৬, শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে সামছুদ্দিন খান সামছুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

বক্তাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার প্রতিবাদ এবং ৫০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে তার ওপর এ হামলা চালানো হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘যারা সামছুদ্দিন খান সামছুকে ছুরিকাঘাত করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পুলিশ চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার করতে পারে। তাহলে এখনো কেন তারা ধরা পড়ছে না, এ প্রশ্নের জবাব প্রশাসনকে দিতে হবে।’

তারা আরও বলেন, ‘আমরা বর্তমান সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। এই সন্ত্রাসীরা যেন ভবিষ্যতে আর কারও ওপর এ ধরনের হামলা চালাতে না পারে, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

এলাকাবাসীর অভিযোগ, গত ১৬ বছর ধরে একটি চক্র এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা বলেন, ‘মানুষ দীর্ঘদিন নিরাপত্তাহীনতায় ছিল। নতুন বাংলাদেশে যদি এখনো মানুষ নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না।’

এদিকে, ভুক্তভোগীর স্ত্রী মোসা. সামছুন্নাহার কদমতলী থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেছেন, তার স্বামী দীর্ঘদিন ধরে এলাকায় জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। একই ব্যবসাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার স্বামীর ওপর হামলা চালানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৪ জুলাই দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে মাতুয়াইল মেডিকেল রোডের শামীমবাগ আবাসিক এলাকার একটি কালভার্টের ওপর কয়েকজন ব্যক্তি তার স্বামীর পথরোধ করে। একপর্যায়ে অভিযুক্তদের একজন ধারালো ছুরি দিয়ে তার পিঠে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অস্ত্রোপচার করে তার শরীর থেকে ছুরিটি অপসারণ করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

দুর্যোগ মোকাবিলায় কাগজে-কলমে নয়, বাস্তব প্রস্তুতি নিতে হবে: ডিএসসিসি প্রশাসক

সুযোগ পেলে ঢাকাকে মনের মতো করে সাজাতে চাই

কদমতলীতে ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

এবার পুলিশ-জনতাকে সঙ্গে নিয়ে মাদকের আস্তানায় ইশরাকের অ্যাকশন

গুলিস্তানে ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলার অভিযোগ

ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট

অগ্নিনিরাপত্তা জোরদারে পুরান ঢাকার ব্যবসায়ীদের নিয়ে ডিএসসিসি প্রশাসকের মতবিনিময়