রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ এলাকায় নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রুপন চৌধুরী বলেন, শুক্রবার (২০ মার্চ) রাতে মগবাজারের মধুবাগ মাদ্রাসা খেলার মাঠে রাব্বিকে পাঁচ-ছয়জন যুবক আটক করে বুকে-পেটে ছুরিকাঘাত করে। সে সময় তার সঙ্গে একটি মেয়ে ছিল।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রাত ৮টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা জহিরুল ইসলাম জানিয়েছেন, মাদ্রাসার খেলার মাঠ এলাকায় স্থানীয় বখাটে উজ্জ্বলসহ পাঁচ-ছয় যুবক তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
রাব্বি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামের মো. ফারুকের ছেলে। সে মগবাজারের নয়াটোলা এলাকায় পরিবারের সঙ্গে থাকত।