হোম > রাজধানী > ট্রাফিক

সিদ্ধেশ্বরীতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক এবং গাড়িটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই বিল্লাল হোসেন জানান, হারুন অর রশিদ বেইলি রোডের মনোয়ারা হাসপাতালের পাশে এক ব্যক্তির প্রাইভেটকারের চালক ছিলেন। তিনি ডিউটি শেষ করে গাড়ি বাসায় রেখে গেটের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে বের হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৫২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত হারুন অর রশিদ কিশোরগঞ্জ সদর উপজেলার পাটদা কাঠালিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি বেগুনবাড়ি এলাকায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। তার স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে থাকেন বলে জানা গেছে।

এসআর

ঢাকার কোন কোন সড়কে যানজট—জেনে নিন বের হওয়ার আগে

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১১৯ মামলা

শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

যানজটে দিনে স্থবির ঢাকা, নিস্তার নেই রাতেও

কামরাঙ্গীরচরে ৫ বছরের শিশু জান্নাতের প্রাণ কেড়ে নিল অটোরিকশা

পহেলা বৈশাখে রাজধানীর যেসব সড়কে গাড়ি চলবে না

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ১৫৬১ মামলা