দেশব্যাপী বাংলা কিউআর-এর ব্যবহার ও জনপ্রিয়তা বাড়াতে ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বৃহস্পতিবার ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের আওতায় ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ব্যবহার করে মূল্য পরিশোধকারী ৫০ জন গ্রাহক ও ৫০ জন মার্চেন্ট স্মার্টফোন জেতার সুযোগ পাবেন। আগামী ২৩ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম।
অনুষ্ঠানে বাংলা কিউআর ও কিউআরভিত্তিক সিকিউরড স্টেটমেন্ট বিষয়ে আলোচনা করেন ব্যাংকের এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান।
এ সময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মো. মাকসুদুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের বিভিন্ন জোন ও শাখাপ্রধান এবং উপ-শাখার ইনচার্জরা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
ডিজিটাল লেনদেন সহজ ও নিরাপদ করবে বাংলা কিউআর
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি নতুন সংযোজন। এটি দেশের ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, ইসলামী ব্যাংক সবসময় প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহক ও প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রবাসীরা যেন আরও দ্রুত, সহজ ও নিরাপদ উপায়ে রেমিট্যান্স পাঠাতে পারেন, সে বিষয়েও ব্যাংক গুরুত্ব দিয়ে কাজ করছে।
মোহাম্মদ জহির হোসেন বলেন, বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল লেনদেনের সুবিধা গ্রহণ করতে পারবেন। এর ফলে আর্থিক অন্তর্ভুক্তি আরও বিস্তৃত হবে এবং একটি আধুনিক, ক্যাশলেস ও স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বাংলা কিউআরের ব্যবহারকে শুধু প্রযুক্তিনির্ভর একটি সেবা হিসেবে না দেখে দেশের আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।
প্রত্যন্ত অঞ্চলেও বাংলা কিউআর ছড়িয়ে দেওয়ার উদ্যোগ
সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন বলেন, ইসলামী ব্যাংক প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের বিস্তৃত শাখা, উপ-শাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে দেশের প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ অধিকসংখ্যক মার্চেন্টকে বাংলা কিউআরের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলা কিউআর ব্যবহারে ব্যাংকের সব জোন, শাখা, উপ-শাখা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মার্চেন্ট ও গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এ ক্যাম্পেইনের মাধ্যমে বাংলা কিউআর সম্পর্কে গ্রাহক ও মার্চেন্টদের মধ্যে সচেতনতা বাড়বে এবং দৈনন্দিন কেনাকাটা ও লেনদেনে কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্টের ব্যবহার আরও বিস্তৃত হবে। এর মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির পরিধিও বাড়বে।