চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) কোষাধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন। মঙ্গলবার তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ তিন বছর।
অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬-এর ধারা ১৫(১) অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণসহ আইন ও বিধি অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ক্ষেত্রেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
তার যোগদানের মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতেও তার অভিজ্ঞতা ও দক্ষতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন দায়িত্বে অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।