ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এবং ইন্দোনেশিয়ার পিপিএনএস-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মানবসম্পদ বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তির ক্ষেত্রকে আরও উন্নত করার লক্ষ্যে শিক্ষা, গবেষণা ও কমিউনিটি সার্র্ভিস বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) ডুয়েটের সভাকক্ষে এই এমওইউ স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা ও প্রযুক্তির সেতুবন্ধনের মাইলফলক। এই উদ্যোগের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের শিক্ষা ও সংস্কৃতির মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ফলে একাডেমিক জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিক্ষার্থীদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বৃদ্ধি আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে।’
তিনি আরও বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও পঞ্চম শিল্পবিপ্লবের প্রস্তুতি গ্রহণ করে দক্ষ মানবসম্পদ তৈরি করা এবং এই পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলাই ডুয়েটের লক্ষ্য। পিপিএনএস-এর সঙ্গে এই এমওইউ সেই দিগন্ত উন্মোচনের আরেকটি নতুন পদক্ষেপ, যা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তিকে সুদৃঢ় করবে।’
উপাচার্য মহোদয় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই একাডেমিক অংশীদারত্ব শুধু শিক্ষার্থী বা শিক্ষকদের মধ্যে এক্সচেঞ্জ প্রোগ্রামেই সীমাবদ্ধ থাকবে না— বরং এটি হবে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষের এক যৌথ যাত্রা। এই সহযোগিতা ভবিষ্যতের উদ্ভাবনী ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে।’
মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘ডুয়েট ও পিপিএনএস-এর যৌথ উদ্যোগ ডুয়েটের উচ্চশিক্ষা, গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনকে আরও শক্তিশালী করে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, এটি দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়কে আরও সম্প্রসারিত করবে এবং আন্তর্জাতিক মানের গবেষণার সম্ভাবনা উন্মোচন করবে।’
মাননীয় উপাচার্য মহোদয়ের উপস্থিতিতে ডুয়েটের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। পিপিএনএস-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক রাচমাদ ত্রি সেলিস্তিজিনো, এস.টি., এম.টি.। এ সময় পিপিএনএস-এর প্রতিনিধি হিসেবে ডুয়েটে উপস্থিত থেকে এমওইউ সম্পন্ন করেন প্রতিষ্ঠানটির সাসটেইনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রোগ্রামের প্রধান অধ্যাপক ড. আনিস মুসতাগফিরিন, এস.টি., এম.টি.। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে দুই দেশের দুই প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতার সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এমওইউ-এর আওতায় শিক্ষা ও প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও প্রকাশনা থেকে শুরু করে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজসেবামূলক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ কর্মসূচি, পারস্পরিক ল্যাব ও ওয়ার্কশপ ব্যবহার এবং সক্ষমতা বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, পলিটেকনিক পারকাপালান নেগারি সুরাবায়া (পিপিএনএস) ইন্দোনেশিয়ার শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি রাষ্ট্রীয় পলিটেকনিক প্রতিষ্ঠান, যা ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সুরাবায়া শহরে অবস্থিত। এটি বিশেষভাবে জাহাজ নির্মাণ, সামুদ্রিক প্রযুক্তি ও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চমানের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে থাকে।