রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাব্বির হোসেন খান এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, দেশবরেণ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া, উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল, প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. এম. এ. বাকী, ফাউন্ডার ডা. নিরুপম দাস, উপদেষ্টা ডা. এ. এম. পারভেজ রহিম এবং উপদেষ্টা ডা. হালিদা হানুম আখতারসহ অন্যরা।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল বলেন, বিনিয়োগকারীদের আস্থা, সমর্থন এবং দীর্ঘদিনের অংশীদারিত্বই রূপায়ণ গ্রুপের মূল শক্তি। এই আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়; এটি পারস্পরিক বিশ্বাস, অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনার এক অনন্য উদযাপন।
তিনি বলেন, অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে রূপায়ণ গ্রুপ ভবিষ্যতেও নতুন বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ করবে।
রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান বলেন, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড সবসময় বিশ্বাস, আস্থা, উদ্ভাবন ও উৎকর্ষের মাধ্যমে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও অর্থবহ সম্পর্ক গড়ে তোলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই আয়োজন দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি অর্থবহ সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করছে।
তিনি আরও বলেন, এই সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন উন্নয়ন ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ধানমন্ডিতে নির্মাণাধীন প্রিমিয়াম কন্ডোমিনিয়াম প্রকল্প ‘রূপায়ণ গ্রিন প্যারাডাইস’-এর সফট লঞ্চও অনুষ্ঠিত হয়।
এ সময় প্রকল্পটির বর্তমান সাইট-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও প্রজেক্ট ভিজ্যুয়াল ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রকল্পটির বৈশিষ্ট্য, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
রূপায়ণ হাউজিং ও বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের এই সমঝোতা দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ বিনিয়োগকারী ও অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি যৌথ উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ অংশীদারিত্বের মাধ্যমে আবাসন খাতে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।