"মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিশ্ব কর্মক্ষেত্র নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৬ পালন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রম্নপ আকিজ রিসোর্স।
এ উপলক্ষে আকিজ রিসোর্স-এর অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস, আকিজ সিমেন্ট, আকিজ ইস্পাত, আকিজ রেডিমিক্স কংক্রিট, আকিজ অ্যাসফল্ট প্ল্যান্ট, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং, আকিজ পলিফাইবার, আকিজ ফিড ও আকিজ বিল্ডিং সলিউশনস-এর কারখানাসমূহে দিনব্যাপী র্যালি, সচেতনতামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পাশাপাশি আকিজ রিসোর্সের চ্যারিটি সংস্থা শেখ ফারিক উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট ও লিভার কেয়ার ভ্যাকসিনেশন-এর যেথৗ উদ্যোগে কর্মীদের জন্য হেপাটাইটিস বি পরীক্ষা ও টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে আকিজ রিসোর্স-এর হেড অব কর্পোরেট সার্ভিসেস মেজর জাহিদুল হাসান (অব.) বলেন, 'কর্মীর মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা আকিজ রিসোর্সের অন্যতম প্রধান নীতি। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও মানসিক ভারসাম্যের ভিত্তিতে গড়ে ওঠা কর্মপরিবেশই দীর্ঘমেয়াদে টেকসই উৎপাদনশীলতা নিশ্চিত করে।'
আকিজ রিসোর্স-এর ইএসজি-সাসটেইনেবিলিটি লিড জনাব রাহাজুল আমীন বলেন, 'মনোসামাজিক স্বাস্থ্য আমাদের ইএসজি কাঠামোর একটি পরিমাপযোগ্য সূচক। কর্মক্ষেত্রে মানসিক চাপ ব্যবস্থাপনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতিকে আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকি।'
আন্তজার্তিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে প্রতি বছর ২৮ এপ্রিল বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। আকিজ রিসোর্স প্রতি বছর এই দিবস পালনের মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসছে।