হোম > কর্পোরেট

বরিশালে রিহ্যাব সদস্যের ওপর নির্যাতনের ঘটনায় নিন্দা

আমার দেশ অনলাইন

বরিশালে রিহ্যাবের এক সদস্যের ওপর শারীরিক নির্যাতন, সংবেদনশীল অঙ্গে আঘাত, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর আদায়ের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (৬ জুলাই) দুপুরে রিহ্যাবের প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডেন্ট ড. আলী আফজাল লিখিত বক্তব্যে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, পরিচালক প্রকৌশলী মো. মোস্তফা কামাল, পরিচালক হাবিবুর রহমান হাবিব, পরিচালক শেখ কামাল এবং পরিচালক মো. এমদাদুল হোসেন সোহেলসহ সংগঠনের অন্যান্য নেতারা।

লিখিত বক্তব্যে ড. আলী আফজাল বলেন, বরিশালে রিহ্যাব সদস্য ও ডেভেলপার উদ্যোক্তা মো. আব্দুল আজিজ হাওলাদারের ওপর সংঘটিত নির্যাতনের ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং দেশের নিরাপদ ব্যবসায়িক পরিবেশের ওপরও আঘাত। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অত্যন্ত উদ্বেগজনক এবং গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, যা ইতিবাচক পদক্ষেপ। তবে গ্রেফতারদের জামিনের চেষ্টা ও ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেলে তা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে।

রিহ্যাব প্রেসিডেন্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা নির্ভয়ে বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।

তিনি বলেন, আবাসন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতে ভয়ভীতি, চাঁদাবাজি বা সহিংসতার কোনো স্থান নেই। ব্যবসায়িক বিরোধের সমাধান আইন ও আদালতের মাধ্যমেই হওয়া উচিত।

রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়, রিহ্যাব অপরাধকে দেখে—ব্যক্তিকে নয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটি চার দফা দাবি জানায়— ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আবাসন খাতের উদ্যোক্তাদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রিহ্যাব নেতারা। তারা আশা প্রকাশ করেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

এলজিইডিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

বিশেষ শিশুদের সহায়তায় প্রয়াস ও বুয়েট ইইই বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এএফডি প্রতিনিধিদলের বিপিপিএ’র ই-জিপি সিস্টেম পরিদর্শন

স্বপ্নের লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী

ডাচ-বাংলা ব্যাংকের বাংলা কিউআর ব্যবহারে ক্যাশলেস লেনদেন

ফ্রিজ-এসি-তে ভ্যাট পুনঃনির্ধারণ, দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে স্বস্তি

এসআইবিএলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস