চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা বাড়াতে এনসিসি ব্যাংক ও গণ উন্নয়ন কেন্দ্র (গাক)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের মানুষের টেকসই ও উন্নত জীবনমান নিশ্চিত করতে এই চুক্তি স্বাক্ষর করে এনসিসি ব্যাংক।
চুক্তির আওতায় ব্যাংকটি "দ্যা অ্যাডাপটিভ ইকো চর প্রজেক্ট: এ ব্লুপ্রিন্ট ফর থ্রাইভিং ডাইনামিক ল্যান্ডস্কেপস" শীর্ষক প্রকল্পে অর্থায়ন করবে, যা ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চলে দুই বছর মেয়াদে বাস্তবায়িত হবে। এ প্রকল্পের কৌশলগত সহযোগী হিসেবে থাকবে কাল্টিভেরা লিমিটেড, এবং গবেষণা ও মূল্যায়ন সহযোগী হিসেবে কাজ করবে “ডাহুক”।
সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী এম. আবদুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ হাবিবুর রহমান, ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিগাত মমতাজ, এসভিপি ও হেড অব সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস এবং এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম, কাল্টিভেরা লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, এবং ডাহুকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মাগফি রেজা সিদ্দিক।
প্রকল্পটির মূল লক্ষ্য চরবাসীকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো এবং তাদের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করা। মূল কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে: সৌরশক্তিচালিত ডিজিটাল রেজিলিয়েন্স সেন্টার স্থাপন (যা দুর্যোগের আগাম সতর্কীকরণ, ডিজিটাল সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে); টেলিমেডিসিনের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদান; নিরাপদ পানি ও সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন; জলবায়ু-সহনশীল কৃষি, বাড়ির আঙিনায় সবজি চাষ ও গবাদিপশু লালন-পালনের মাধ্যমে আয় বৃদ্ধি; নারী উদ্যোক্তা তৈরি; এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি। এই উদ্যোগের মাধ্যমে হাজার হাজার পরিবার নিরাপদ পানি, জ্বালানি ও স্বাস্থ্যসেবা পাবে এবং ৩০০-র বেশি পরিবার আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠবে এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতাও বাড়বে।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, "এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শুধু আর্থিক উন্নয়ন নয়, বরং দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নেÑশিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মতো মৌলিক চাহিদা পূরণেÑবিনিয়োগ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার চরাঞ্চলের মানুষের টেকসই উন্নয়নে অর্থায়ন করা হলো। চরাঞ্চলের মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বসবাস করে; প্রতি বছর জলবায়ুর বিরূপ প্রভাবের মধ্যে তাদের জীবন কাটে। সেখানে ইন্টারনেট সংযোগ, সংরক্ষণ সুবিধাসহ আধুনিক কৃষি কাজের সুযোগ সৃষ্টি করা, স্বাস্থ্যসেবা ও জলবায়ু সংক্রান্ত তথ্য সেবা বিলাসিতা নয়, বরং মৌলিক চাহিদা। এই প্রকল্প ওই সেবাগুলোকে একটি বাস্তবসম্মত মডেলে একীভূত করবে, যা পরিবারগুলোকে জীবন ও জীবিকা সুরক্ষিত করতে, সঠিক পরামর্শ পেতে এবং টেকসই আর্থিক উন্নয়নে সহায়তা করবে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।"
গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী এম. আবদুস সালাম বলেন, "এনসিসি ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা উন্নয়ন ও টেকসই আর্থিক অগ্রগতির একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে দেশের অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় প্রকল্পটির সম্প্রসারণের পথ তৈরি করবে। এই সমন্বিত চর রেজিলিয়েন্স মডেল প্রকল্পটি উক্ত এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশগত স্থায়িত্ব ও দুর্যোগ সহনশীলতায় বাস্তবমুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।"