হোম > কর্পোরেট

গুণী শিক্ষকের তালিকায় গাকৃবির অধ্যাপক আব্দুল বাছেত মিয়া

আমার দেশ অনলাইন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ জন গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন ড. মো. আব্দুল বাছেত মিয়া। শিক্ষকতা, গবেষণা ও কৃষি শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবার দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০১ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। এর আগে প্রতিবছর ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হতো। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া সম্মাননা পাওয়ায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘এ সম্মাননা তাঁর দীর্ঘ শিক্ষকতা, গবেষণা ও কৃষি শিক্ষায় অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়েরও গৌরব। তাঁর এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের অনুপ্রাণিত করবে।’

গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বলেন, ‘একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীদের সফলতা এবং তাঁদের মাধ্যমে দেশ ও সমাজে অবদান রাখার সুযোগই সবচেয়ে বড় প্রাপ্তি। রাষ্ট্রের কাছ থেকে পাওয়া এই সম্মাননা আমার শিক্ষকতা ও গবেষণাজীবনের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। এ সম্মাননা আমার সহকর্মী, শিক্ষার্থী ও দীর্ঘ পথচলার সহযাত্রী সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ভবিষ্যতেও কৃষি শিক্ষা ও গবেষণায় আরও বেশি অবদান রাখার চেষ্টা থাকবে।’

সম্প্রতি ফসল উদ্ভিদবিদ্যা ও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, গবেষক, স্নাতক ও পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া। এর আগে তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন।

ফসল উদ্ভিদবিদ্যায় শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি গ্রন্থ রচনাতেও তাঁর অবদান রয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘A Text Book of Embryology and Reproductive Structure of Crop Plants’, ‘Morphology and Taxonomy of Crop Plants’ এবং ‘Nutritions of Crop Plants’।

গাকৃবির প্রখ্যাত ক্রপ বোটানিস্ট হিসেবে অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া দীর্ঘদিন ধরে কৃষি শিক্ষা ও গবেষণায় যুক্ত রয়েছেন। বিশ্ব শিক্ষক দিবসে পাওয়া রাষ্ট্রীয় এই সম্মাননাকে তাঁর দীর্ঘ একাডেমিক ও গবেষণা-অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরমাণু শক্তি কমিশনের সদস্য পদে নিয়োগ পেলেন চিকিৎসক ডা. বি কে বোস

বুয়েটে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণায় নতুন ল্যাব উদ্বোধন

ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকার অপরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান

সিজন ৫ নিয়ে ফিরছে ‘কনকা সেরা পরিবার’

ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শীর্ষক সেমিনার ও ট্রেনিং কিট হস্তান্তর

স্বপ্নে মাসের বাজারে মুন্সিয়ানা