হোম > কর্পোরেট

ডুয়েটে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত

আমার দেশ ডেস্ক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট), গাজীপুর শিল্প খাতের প্রতিনিধি ও অংশীজনদের নিয়ে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘স্ট্রেন্থেনিং স্টার্ট-আপ, ইনোভেশন এন্ড ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এ আলোচনায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ), শিল্পখাতের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন। শিল্প ও একাডেমিয়ার মধ্যে ফলপ্রসূ ও টেকসই সহযোগিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় কার্যকর কৌশল নিয়ে আলোচনা হয়।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা, ইনোভেশন ও স্টার্ট-আপ সংস্কৃতি বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং ইউজিসির নীতিগত সহায়তা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণাকে বাস্তবমুখী ও বাজার উপযোগী করতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে ইউজিসি নীতিগতভাবে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে, যা এ বছর ডিসেম্বরের মধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম এজেন্ডা হিসেবে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন জোরদারে এ বছর জাতীয় পর্যায়ে ইনোভেশন ফেয়ার আয়োজন করা হয়েছে।

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন আরো বলেন, সরকার এ বছর বাজেটে স্টার্ট-আপ সংস্কৃতি উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমি খাতে ৮০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী ১০ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ক্রিয়েটিভ ইকোনমির অবদান জিডিপির ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

তিনি বলেন, তরুণ উদ্যোক্তা ও গবেষকদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে উপযুক্ত অর্থায়ন, পরামর্শ ও প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করা সময়ের দাবি। এ ধরনের গোলটেবিল আলোচনা সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। শিল্প প্রতিনিধিদের নিয়ে এ ধরনের আয়োজনের জন্য তিনি ডুয়েট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ডুয়েটের উন্নয়নে ইউজিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও স্টার্ট-আপ সংস্কৃতি বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, শিল্পখাতের সঙ্গে সমন্বিত সহযোগিতা ছাড়া গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে রূপ দেওয়া কঠিন। এ বাস্তবতা উপলব্ধি করে ডুয়েট শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ গবেষণা, ইন্টার্নশিপ ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্র সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। কার্যকর একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বাস্তবায়ন করা গেলে দেশের উৎপাদন খাতে প্রবৃদ্ধির মাধ্যমে আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রার সাশ্রয় সম্ভব হবে।

উপাচার্য তিন মাস পরপর ডুয়েটে এ ধরনের আলোচনা অনুষ্ঠান আয়োজন এবং ছয় মাস পরপর ইউজিসিতে প্রতিবেদন পাঠানোর কথা জানান।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা এবং তাদের উদ্ভাবনী প্রকল্পগুলোকে বাণিজ্যিকীকরণের দিকে এগিয়ে নেওয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে উদ্ভাবনী ধারণাকে পণ্যে রূপ দেওয়ার জন্য ইতোমধ্যে ডুয়েটে আইসিটি ইনকিউবেটর নির্মাণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ইউজিসির নীতিগত সহায়তা পেলে ডুয়েট আরো দ্রুত একটি সমন্বিত উদ্ভাবন বাস্তুসংস্থান গড়ে তুলতে সক্ষম হবে। দেশের উচ্চশিক্ষার উন্নয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপির বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে ডুয়েটে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠা এবং সব ধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজসহ শিল্প প্রতিনিধি ও অন্যান্য অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য।

প্যানেল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। তিনি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিল্প প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। তিনি অনুষ্ঠানের উদ্দেশ্য এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

এরপর ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ ‘ডুয়েটে গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবন সুবিধাদি’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো ও উদ্ভাবন সহায়ক সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের মডারেটর ছিলেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। তিনি দিনব্যাপী আলোচনার মূল বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরে অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। র‌্যাপোর্টিয়ারের দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

শিল্পখাত ও অংশীজনদের মধ্যে বিডিরেন, ব্র্যাক ব্যাংক পিএলসি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রাণ-আরএফএল গ্রুপ, নেসলে বাংলাদেশ, আকিজ সিরামিকস, উর্মি গ্রুপ, ম্যাক্স গ্রুপ, জেনকোর সল্যুশনস, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড, মাসকো গ্রুপ, ডিক্যাথলন, র‌্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনোভেশন আইটি লিমিটেড, জি-উইজেটস কোম্পানি লিমিটেড ও ইকোটেক্স লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গোলটেবিল আলোচনা শেষে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিল্পখাতের প্রতিনিধি ও সমাপনী বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘দ্য ফিউচার অব ইয়ুথ ইন বাংলাদেশ ইন দ্য পারস্পেকটিভ অব অন্ট্রাপ্রেনারশিপ এন্ড সফ্ট স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন উচ্চশিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের এসব উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে জেনকোর সল্যুশনসের সিইও ও সাবেক ডুয়েটিয়ান জিশান আহাম্মদ শিক্ষার্থীদের সঙ্গে তাঁর কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেক্সিকোতে উচ্চশিক্ষার আন্তর্জাতিক প্যানেলে ড. মো. সবুর খান

প্রিমিটেক ওয়াটার পাম্পের ব্র্যান্ড মডেল হলেন ইরফান সাজ্জাদ

খুলনার উপকূলে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করল বিআইএফএফএল

এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক

৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ডিএস পুলে কোটা বাতিলের দাবি সিভিল সার্ভিসের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের

এমসিজে ক্লাবের প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত, সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে পরিবেশবান্ধব গ্রিন আইসিইউ