গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট। আগামী ৩০ অক্টোবর শুরু হয়ে এই ক্রীড়া উৎসব চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
আয়োজনকে সামনে রেখে সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শেরাটন ঢাকার এরিয়াল হলে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজক ও অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এবারের স্পোর্টসফেস্টে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল, গলফ, পুল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং ও ম্যারাথনসহ মোট ১৪টি ইভেন্ট থাকছে। দেশের ২১টি স্বনামধন্য ক্লাবের প্রায় এক হাজার ক্রীড়াবিদ এতে অংশ নেবেন।
অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে রয়েছে অল কমিউনিটি ক্লাব, গুলশান নর্থ ক্লাব, বাঘা ক্লাব, আইবিএ অ্যালামনাই ক্লাব, বানানী ক্লাব, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব, বারিধারা কসমোপলিটন ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, বাংলাদেশ চায়না ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব), ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ, নর্ডিক ক্লাব, ক্লাব শাহীন, সেইন্টস ক্লাব, ঢাকা বোট ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাব, করপোরেট এক্সিকিউটিভ ক্লাব ও গুলশান ক্লাব।
সমন্বয় সভায় গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল) সভাপতিত্ব করেন। সভায় সংগঠনের সেক্রেটারি জেনারেল ও আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ইফফাত আমবারিন (জয়া) ও আমীর আলী মোস্তফা উপস্থিত ছিলেন।
এ ছাড়া আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ, প্রেস ও মিডিয়া কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডুসহ বিভিন্ন অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিরা সভায় যোগ দেন।
সভায় ড. ওয়াহিদুজ্জামান (তমাল) ‘উল্লাস ২০২৬’ সফল করতে অংশগ্রহণকারী সব ক্লাব ও ক্রীড়াবিদদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি খেলাধুলার প্রসার ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ‘উল্লাস ২০২৬’ ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রতিযোগিতার এক প্রাণবন্ত আয়োজন হয়ে উঠবে। তাঁর প্রত্যাশা, এবারের স্পোর্টসফেস্ট সবার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করবে।