মুনাফা, পরিচালন দক্ষতা ও ব্যালেন্স শিটের সম্প্রসারণ—সব সূচকেই ২০২৬ সালের প্রথম ছয় মাসে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বহুমুখী ব্যবসায়িক কার্যক্রম, শক্তিশালী সুশাসন এবং গ্রাহককেন্দ্রিক সেবা কৌশলের ফলে ব্যাংকটির আর্থিক পারফরম্যান্সে এ প্রবৃদ্ধি এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩০ জুন শেষে ব্যাংকের সব সহযোগী প্রতিষ্ঠানসহ সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ সালের জুন শেষে এই মুনাফার পরিমাণ ছিল ৯০৬ কোটি টাকা।
একই সময়ে এককভাবে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা ৬৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩ কোটি টাকা হয়েছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে ব্যাংকটির একক নিট মুনাফা ছিল ৬২০ কোটি টাকা।
সামষ্টিক অর্থনীতি ও ব্যাংকিং খাতে নানা চ্যালেঞ্জের মধ্যেও আমানত ও ঋণ—উভয় ক্ষেত্রেই ব্যাংকটি সামগ্রিক ব্যাংক খাতের গড় প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। ২০২৬ সালের জুন শেষে আগের বছরের একই সময়ের তুলনায় গ্রাহকের আমানত বেড়েছে ২৫ শতাংশ এবং ঋণ ও অগ্রিম বেড়েছে ১৮ শতাংশ।
ব্যাংকটির পরিচালন দক্ষতাতেও উন্নতি হয়েছে। ২০২৫ সালের প্রথমার্ধে ৪৮ শতাংশ থাকা কস্ট-টু-ইনকাম রেশিও ২০২৬ সালের প্রথম ছয় মাসে কমে ৪২ শতাংশে নেমেছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রূপান্তরে ধারাবাহিক গুরুত্ব দেওয়ার ফলেই এই উন্নতি হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
আয় ও সম্পদমানেও উন্নতি
২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের ৩ টাকা ৯ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৭ পয়সায় দাঁড়িয়েছে।
এ সময়ে ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের ৪৪ টাকা ৮৪ পয়সা থেকে বেড়ে ২০২৬ সালের ৩০ জুনে ৪৯ টাকা ৩৮ পয়সায় উন্নীত হয়েছে।
সমন্বিত রিটার্ন অন ইক্যুইটি (আরওই) ও রিটার্ন অন অ্যাসেট (আরওএ) দাঁড়িয়েছে যথাক্রমে ২১ দশমিক ৫২ শতাংশ এবং ১ দশমিক ৬৭ শতাংশে। নন-ফান্ডেড আয়ের পাশাপাশি ইন্টারেস্ট আয় বাড়ায় ২০২৫ সালের প্রথমার্ধের তুলনায় সমন্বিত মোট আয় ২৯ শতাংশ বেড়েছে।
অন্যদিকে খেলাপি ঋণের হারও কমেছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ২ দশমিক ২৭ শতাংশ থাকা নন-পারফর্মিং লোন (এনপিএল) অনুপাত ২০২৬ সালের প্রথমার্ধ শেষে কমে ২ দশমিক ০৩ শতাংশে দাঁড়িয়েছে।
আর্থিক ফলাফলের বিস্তারিত পাওয়া যাবে ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে:
https://brackweb.s3.ap-southeast-1.amazonaws.com/uploads/all/Un-Audited_FS_Q2,_20266a68915caa1cb.pdf